শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শনিবার সন্ধ্যায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী। সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বিলাসের পাড় নামক স্থানে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া শ্রীমঙ্গলগামী একটি বাস উপজেলার বিলাসের পাড় এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। তাঁরা হলেন অটোরিকশার চালক বাহার আলী (৪৫), শ্রীমঙ্গলের সাতগাঁও গ্রামের জাবেদ মিয়া (২৫) ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিরাইপুর গ্রামের আবু কাশেম (৫০)।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।