শ্রীমঙ্গলে হাইল হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ নিধন চলছেই
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ নিধন চলছেই। নিষিদ্ধ এসব জাল দিয়ে মাছ নিধনের ফলে হাওরে মাছের উৎপাদন আগের চেয়ে কমে গেছে বলে জানা গেছে। স্থানীয় মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় হাইল হাওরে আগে প্রায় নিয়মিত অভিযান চালানো হতো। অভিযানে জব্দ করা কারেন্ট জাল পোড়ানো হতো। কিন্তু চার মাস ধরে মৎস্য বিভাগ হাইল হাওরে অভিযান চালাচ্ছে না। অভিযান থেমে থাকায় হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ নিধনের প্রবণতা আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। সম্প্রতি হাইল হাওরের কোহালিয়ার ডোবা, বাষট্টি বিলের অংশ, চিরুয়া বিল, রোয়া বিল, গোতম বিল, বেরি বিলসহ আরও কয়েকটি বিলে নৌকায় ঘুরে দেখা গেছে, শত শত কারেন্ট জাল পেতে রাখা হয়েছে। জেলেরা দিনে-দুপুরে ডিঙি নৌকা নিয়ে কোথাও জাল পেতে রাখছেন, কোথাও পেতে রাখা জাল টেনে তুলছেন। জেলেরা জানান, প্রতিদিন দুই থেকে আড়াই হাজার কারেন্ট জাল হাইল হাওরের বিভিন্ন বিলে পেতে রাখা হয়। উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামের বাসিন্দা মৎস্যজীবী মো. শাহাব উদ্দিন জানান, মৎস্য বিভাগের লোকজন আগের মতো হাইল হাওরে যান না। নজরদারি না থাকায় জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন। দিনে দিনে নিষিদ্ধ এ জালের ব্যবহার বাড়ছে। পশ্চিম ভাড়াউড়া গ্রামের বাসিন্দা মো. রইছ মিয়া, আগন আলী, ছাইদ উল্লাসহ আরও কয়েকজন মৎস্যজীবী জানান, কম সময়ে এবং কম শ্রম দিয়ে বেশি মাছ পাওয়া যায় বলে তাঁরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন। কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষেধ রয়েছে, এটা জানার পরও কেন এই জাল ব্যবহার করছেন জানতে চাইলে তাঁরা বলেন, সবাই এই জাল দিয়ে মাছ ধরছেন, তাই তাঁরাও ধরছেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুন মাসের প্রথম সপ্তাহে হাইল হাওরে সর্বশেষ অভিযান চালানো হয়েছিল। ওই সময়ে হাওরের বিভিন্ন অংশ থেকে ৬৩টি (তিন হাজার ৮০০ মিটার) কারেন্ট জাল জব্দ করা হয়। এরপর আর অভিযান হয়নি। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান জানান, কারেন্ট জালে পোনা ও ডিমওয়ালা মাছ মারা পড়ে। এতে মাছের উৎপাদন কমে যায়। হাইল হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ নিধন প্রসঙ্গে জানতে চাওয়া হলে বলেন, তিনি শ্রীমঙ্গলে নতুন এসেছেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া জানান, শ্রীমঙ্গলে মৎস্য কর্মকর্তার পদ শূন্য থাকায় গত কয়েক মাস হাইল হাওরে অভিযান চালানো যায়নি। তা ছাড়া শুধু অভিযান চালিয়ে জাল জব্দ করার মাধ্যমে এটি বন্ধ করা সম্ভব নয়। কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে মৎস্যজীবীদের নিরুৎসাহিত করার কাজও চলবে।