শ্রীমঙ্গলে ১২টি গাড়িতে ডাকাতি পুলিশ বলল ডাকাতি হয়নি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবথলী এলাকায় ১২টি যানবাহনে ডাকাতি হয়েছে বলে জানিয়েছে ওই সব পরিবহনের যাত্রীরা। ডাকাতেরা কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বাসসহ যানবাহনের যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট লুট করেছে। তবে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত মহাসড়ক পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, ডাকাতি হয়নি।ডাকাতের কবলে পড়া যাত্রীরা জানায়, রাত দেড়টার দিকে মুখোশপরা ৩০-৩৫ জনের ডাকাত দল ভৈরবথলী এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ক বন্ধ করে দেয়। এরপর ডাকাতেরা ঢাকাগামী কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বাস, তিনটি মাইক্রোবাস, চারটি ট্যাক্সি ও একটি ট্রাকসহ অন্তত ১২টি গাড়ির যাত্রীদের ওপর চড়াও হয়। তারা অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসেট ও টাকা লুট করে নিয়ে যায়। বিদেশগামী যাত্রীদের কাছ থেকে পাসপোর্ট-ভিসাও লুট করা হয়েছে বলে যাত্রীরা জানায়।‘শ্রীমঙ্গল রেন্ট এ কার’-এর ট্যাক্সিচালক জয়নাল মিয়া, মোশাহিদ আলী ও শ্যামল দাশ জানান, ডাকাতেরা তাঁদের আটকে মারধর করেছে।ডাকাতের কবলে পড়া মাইক্রোবাসের যাত্রী আইনুল ইসলাম জানান, ডাকাতেরা মাইক্রোবাসের গ্লাস ভেঙে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা লুট করেছে। মৌলভীবাজার থেকে ঢাকাগামী আরও তিনটি মাইক্রোবাসের গ্লাস ভেঙে ডাকাতেরা যাত্রীদের মালামাল লুট করেছে। আরও কয়েকজন যাত্রী জানান, ডাকাতদের হাতে ছিল লম্বা দা ও বল্লম। আধা ঘণ্টাব্যাপী লুটপাট শেষে তারা পাশের আমানতপুর গ্রামের দিকে রেললাইনের ওপর দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।মহাসড়কের যে অংশে ডাকাতির ঘটনা ঘটেছে, ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব মহাসড়ক (হাইওয়ে) পুলিশের শ্রীমঙ্গলের লছনা ফাঁড়ির। ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে রাতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে ডাকাতেরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিলেও ডাকাতি করতে পারেনি।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়নি।