শ্রীমঙ্গলে ১২৭০ বস্তা ওএমএসের চাল জব্দ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমোহনা এলাকার একটি গুদাম থেকে গত সোমবার রাতে এক হাজার ২৭০ বস্তা খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল জব্দ করেছেন র্যাব সদস্যরা। এ সময় দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) শ্রীমঙ্গল ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন খান মাহবুব উল ইসলাম জানান, খোলাবাজারে বিক্রির সরকারি চাল ডিলারদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ করে শাহ্ পরান রাইসমিলের গুদামে মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে তাঁরা অভিযান চালান। এ সময় এক হাজার ২৭০ বস্তা চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল রয়েছে। মো. আনোয়ার মিয়া ও মো. কালু মিয়া নামের দুই শ্রমিক খাদ্য, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিলমারা বস্তা থেকে চাল সাধারণ বস্তায় ভরছিলেন।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ জানান, সোমবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবুল হাসেম এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেছেন। এতে গ্রেপ্তার হওয়া দুজনসহ মো. জিতু মিয়া ওরফে জিতু হাজিকে আসামি করা হয়েছে।শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মওলা প্রথম আলোকে বলেন, ওএমএসের চাল নিশ্চিত হওয়ার পর সোমবার রাতেই ওই গুদাম সিলগালা করা হয়েছে।শাহ্ পরান রাইসমিলের মালিক মো. আরফান মিয়ার ছেলে আহসানুল হক জানান, জব্দ করা চাল রামনগর এলাকার বাসিন্দা চাল ব্যবসায়ী মো. জিতু মিয়ার। এক সপ্তাহ আগে জিতু মিয়া তাঁদের কাছ থেকে গুদামটি ভাড়া নেন। মৌলভীবাজার জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবদুল ওয়াহেদ জব্দ করা চালগুলো খোলাবাজারে বিক্রির চাল বলে নিশ্চিত করেছেন। তিনি সোমবার রাতে ওই গুদাম পরিদর্শনকালে প্রথম আলোকে বলেন, কিছুসংখ্যক অসৎ ডিলার ও ব্যবসায়ীর কারণে সরকারের খোলাবাজারে চাল বিক্রির কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে।