শ্রীমঙ্গলে ৪৪ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ৪৪ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপতি বিশেষ আদালত-১৪-এর বিচারক বিজিবির যোগাযোগ পরিদপ্তরের (ঢাকা) পরিচালক কর্নেল এস এম ফরহাদ গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তদের মধ্যে হাবিলদার আবদুল হামিদ হাওলাদার, নায়েক জসিম উদ্দিন ও সিপাহি ফেরদৌস আলমকে সর্বোচ্চ সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া হাবিলদার গাজীউর রহমানকে ছয় বছর এবং নায়েক সুবেদার সিরাজুল ইসলাম, নায়েক সুবেদার সালেহ্ আহমদ, হাবিলদার মো. সোলায়মান, হাবিলদার আবদুল বাসেত, নায়েক বুলবুল ইসলাম সিকদার, ল্যান্স নায়েক সৈয়দ হাসান হাবিব ও রাসেল বড়ুয়াকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে দুজনকে চার বছর, একজনকে তিন বছর ছয় মাস, ছয়জনকে তিন বছর, দুজনকে দুই বছর ছয় মাস, সাতজনকে দুই বছর, পাঁচজনকে এক বছর ছয় মাস, চারজনকে এক বছর, একজনকে ছয় মাস এবং পাঁচজনকে সর্বনিম্ন চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের কার্যক্রম শুরু হয় গতকাল সকাল নয়টায়। প্রথমে আদালতের সভাপতি কর্নেল ফরহাদ মামলার শুনানি পর্যায়ের কিছু সারসংক্ষেপ পড়ে শোনান। এরপর আধা ঘণ্টা বিরতি দিয়ে তিনি রায় ঘোষণা করেন।বিচারক প্যানেলে ছিলেন লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মোহাম্মদ সাইফুল ওয়াদুদ। আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ। মামলার কৌঁসুলি ছিলেন বিজিবির ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা। বিশেষ কৌঁসুলি ছিলেন আমিনুর রহমান খান ও মো. হাবিবুর রহমান।২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে ১৪ রাইফেলের কিছুসংখ্যক সৈনিক অস্ত্র হাতে বিদ্রোহ করেন। ওই দিন বিদ্রোহী সৈনিকেরা ক্যাম্প ছেড়ে রাস্তায় বেরিয়ে প্রায় ২৫০টি ফাঁকা গুলিবর্ষণ করেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ৩০ জুন এ মামলার বিচার শুরু হয়। গত ২৩ ফেব্রুয়ারি ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁদের মধ্যে ২৩ জন আদালতে দোষ স্বীকার করেন। বাকি ২১ জন নির্দোষ দাবি করেন। এ মামলায় মোট ৩৩ জন আদালতে সাক্ষ্য দেন।যশোরে শুনানি চলছে: যশোর অফিস জানায়, যশোর ২২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। শুনানির দ্বিতীয় দিনে গতকাল বুধবার পর্যন্ত ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। এ সময় মামলার ৬৪ জন আসামি সাক্ষীদের জেরা করেন। সাক্ষীরা জেরার জবাব দেন। পরে বিশেষ আদালত-১২-এর বিচারক বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান আদালতের কার্যক্রম ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রধান কার্যালয় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরে বিশেষ আদালত বসিয়ে এ বিচার কার্যক্রম চালানো হচ্ছে।