শ্রীমঙ্গলে ৪৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ ফেব্রুয়ারি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা মামলার ৪৫ জন আসামির বিরুদ্ধে আগামী বছরের (২০১১) ২৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হবে। শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ গতকাল বৃহস্পতিবার এই তারিখ ধার্য করেন। বিচারপ্রক্রিয়ার দ্বিতীয় দিনে গতকাল ৪৫ জন আসামির উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়।গতকাল সকাল সাড়ে নয়টায় আদালতের কার্যক্রম শুরুর আগে মৌলভীবাজার জেলা কারাগার থেকে বিশেষ প্রহরায় ৪৫ জন আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতে মামলার কৌঁসুলি ১৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এ সময় কাঠগড়ায় আসামিরা নীরব ছিলেন। অভিযোগ পড়ে শোনানোর পর কিছু নির্দেশনা দিয়ে আদালত ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি করা হয়।গতকাল দুপুরে সংবাদ ব্রিফিংয়ে মামলার কৌঁসুলি লে. কর্নেল নুরুল হুদা বলেন, আত্মপক্ষ সমর্থন, আইনজীবীর পরামর্শ গ্রহণ ও প্রয়োজনীয় প্রস্তুতির জন্য উত্থাপিত অভিযোগনামা ও সাক্ষীদের সাক্ষ্যের সারসংক্ষেপ আদালত অনতিবিলম্বে প্রত্যেক আসামিকে সরবরাহের নির্দেশ দিয়েছেন। এরপর আদালত মুলতবি করা হয়।মামলার বিশেষ কৌঁসুলি গাজী জিল্লুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলার পরবর্তী তারিখে (২৩ ফেব্রুয়ারি) আদালতে এই মামলার অভিযোগ গঠন করা হবে।বিশেষ আদালত-৩-এ সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য তিনজন সদস্য ছিলেন লে. কর্নেল মো. আখতারুজ্জামান, মেজর মো. মাকসুদুল আলম ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। বিশেষ কৌঁসুলি ছিলেন গাজী জিল্লুর রহমান ও বিলায়েত হোসেন।ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে ১৪ রাইফেল ব্যাটালিয়নের কয়েকজন জওয়ান অস্ত্র হাতে বিদ্রোহ করেন। ওই বছরের ১৭ মে শ্রীমঙ্গল থানার একজন উপপরিদর্শক ৪৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরদিন ওই ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মুজিবুর রহমানসহ ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়।