শ্রীমঙ্গলে ৫০ শয্যার শ্রম হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত ৫০ শয্যাবিশিষ্ট শ্রম হাসপাতাল আবার চালুর দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিগত জোট সরকারের সময় এই হাসপাতালের জায়গায় ‘শ্রীমঙ্গল আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল সচেতন জনগোষ্ঠী ও চা-শ্রমিক জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে গতকাল বিকেলে পৌর এলাকার চৌমোহনায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে চা-শ্রমিকেরাসহ শতাধিক মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা জানান, শ্রীমঙ্গলবাসীর দাবি অগ্রাহ্য করে হাসপাতালের জায়গায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান করা হয়। অথচ এখনো এ হাসপাতালের চিকিৎসকেরা প্রেষণে জেলার অন্য হাসপাতালগুলোতে চাকরি করছেন। নতুনভাবে চিকিৎসকও নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু হাসপাতালটি চালু নেই। বক্তারা হাসপাতালটি আবার চালু করে শ্রমিকদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চা-শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক বিজয় বুনারজি, শ্রমিক নেতা শিউধন কূর্মী, পরিমল সিং বারাইক ও সেলিম হক।আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অর্থায়নে চা-শ্রমিকদের চিকিৎসার জন্য ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের পাশে ‘৫০ শয্যাবিশিষ্ট শ্রম হাসপাতাল’ চালু করা হয়। এদিকে শ্রীমঙ্গল আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসিত কুমার পাল জানিয়েছেন, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২২০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে।