মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগানে কূপ খননের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি শেভরন। তবে জেলার কমলগঞ্জ উপজেলার নূরজাহান চা-বাগানে কূপ খনন করে সেখানে উত্তোলনযোগ্য গ্যাস না পাওয়ায় খননকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।শেভরন সূত্রে জানা যায়, কমলগঞ্জের নূরজাহান চা-বাগান এলাকায় গত জুন মাসের শেষের দিকে কূপ খননকাজ শুরু করা হয়। প্রায় দুই মাস খনন করার পর সেখানে গ্যাসের প্রয়োজনীয় চাপ না পেয়ে খননকাজ বন্ধ করে দেওয়া হয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নূরজাহানের রিগটি (খননযন্ত্র) শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগানে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেখানে কূপ খননের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শেভরনের পক্ষে উয়েদার ফোর্ড নামের একটি কোম্পানি কূপ খনন করছে। জাগছড়া চা-বাগান সূত্রে জানা গেছে, কূপের প্যাড তৈরির জন্য বাগানের ৩৬ হাজার চা-গাছ উপড়ে ফেলা হয়েছে। চার শতাধিক ছায়াবৃক্ষ (শেড ট্রি) কাটা হয়েছে।গাছ ও পাহাড় কাটা প্রসঙ্গে শেভরনের ব্যবস্থাপক (এক্সটার্নাল) আহসান উল্যা বলেন, ‘শেভরন পরিবেশ রক্ষার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। যেকোনো উন্নয়নকাজে কিছুটা ক্ষতি হতেই পারে।’ তিনি জানান, মৌলভীবাজারের চারটি কূপ থেকে প্রতিদিন গড়ে পাঁচ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। জাগছড়ায় গ্যাস পাওয়া গেলে তা আরও বেড়ে যাবে।মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি নূরজাহান গ্যাস কূপ এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি কূপের মুখ বন্ধ দেখেছেন। শেভরনের স্থানীয় কর্মকর্তার কাছে নূরজাহানে খনন করা কূপের বিষয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানিয়েছেন।২০০৮ সালের এপ্রিল ও মে মাসে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার প্রায় ২০টি গ্রামে শেভরন ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। জরিপ শেষে গ্যাস প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হয়ে চলতি বছরের ২৭ জুন কমলগঞ্জের নূরজাহান চা-বাগানে কূপ খনন শুরু করে। এর আগে শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা-বাগানেও অনুরূপ একটি কূপ খনন করেছিল শেভরন। কিন্তু সেখানেও গ্যাস পাওয়া যায়নি।