শ্রীমঙ্গলের দুই গ্রামে অবশেষে বিদ্যুৎ পৌঁছাল
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের দুই গ্রাম শাসন ও রাজপাড়ায় অবশেষে বিদ্যুৎ পৌঁছাল। গত শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে গ্রাম দুটিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।শ্রীমঙ্গলে অবস্থিত মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর সূত্র জানায়, ২০০৪-০৫ অর্থবছরের শুরুতে শাসন গ্রামে তিনটি সেচপাম্পসহ ৫৭টি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রায় এক কিলোমিটার লাইন টানা হয়েছিল। আর রাজপাড়া গ্রামে ২০০৫-০৬ অর্থবছরের শুরুতে প্রায় দেড় কিলোমিটার লাইন টানা হয়। ওই গ্রামের একটি সেচপাম্প ও ৬৫টি বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ চার-পাঁচ বছরেও তা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে গত ৭ মার্চ প্রথম আলোয় ‘খুঁটি-তার জুটলেও আজও বিদ্যুৎ জোটেনি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষ এসব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্রিয় হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বর্তমানে নতুন সংযোগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় ওই গ্রামগুলোতে বিদ্যুতের সংযোগ দেওয়া হলো।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) হাবিবুর রহমান আখন্দ বলেন, ‘বিগত বছরগুলোতে বরাদ্দ না থাকায় এসব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বিশেষ ব্যবস্থায় ওই গ্রাম দুটিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হলো। এতে চারটি সেচপাম্প চালানোসহ ৮৭টি পরিবার বিদ্যুতের সুবিধা পাবে। আবেদন করলে আরও ৩৫টি পরিবার এ লাইন থেকে বিদ্যুতের সংযোগ পেতে পারে।’ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. চেরাগ আলী, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী অঞ্জন সরকার প্রমুখ।