শ্রীমঙ্গলের নাহার চা-বাগানে ফের গাছ কাটা শুরু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাহার চা-বাগানে আবারও গাছ কাটা শুরু হয়েছে। গত শনিবার থেকে ব্যবসায়ী মো. সেলিম উদ্দিনের নিয়োজিত শ্রমিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে নাহার চা-বাগানের খাসিয়া পানপুঞ্জি এলাকায় গাছ কাটা শুরু করে। গত তিন দিনে শতাধিক গাছ কাটা হয়েছে।গতকাল মঙ্গলবার নাহার চা-বাগানে গিয়ে শ্রমিকদের গাছ কাটতে দেখা যায়। এই বাগান থেকে মোট চার হাজার গাছ কাটার অনুমোদন দেওয়া হয়েছে।নাহার চা-বাগানের ব্যবস্থাপক পীযূষ কান্তি ভট্টাচার্য গতকাল প্রথম আলোকে বলেন, সব ধরনের অনুমোদন নিয়ে চার হাজার পরিপক্ব গাছ কাটা হচ্ছে।তবে পরিবেশবাদী সংগঠন এবং ওই বাগানের জমি ইজারা নিয়ে বসবাসরত খাসিয়ারা এই গাছ কাটার বিপক্ষে। নাহার পানপুঞ্জির মন্ত্রী (প্রধান) ফেরলি সুরং বলেন, ‘গাছগুলো কাটার ফলে পানগাছের মারাত্মক ক্ষতি হচ্ছে। গাছ না থাকলে পানের চাষ হয় না।’ পুঞ্জির সহকারী প্রধান নবার লাপাসাম বলেন, ‘গাছ কাটা বন্ধ করার পর আবার কেন অনুমোদন দেওয়া হলো, তা আমরা বুঝতে পারছি না।’ পুঞ্জির বাসিন্দা মারগারেট সুচিয়াং বলেন, গত শনিবার দুপুর থেকে ৬০-৭০ জন শ্রমিক গাছ কাটায় অংশ নিয়েছে। একেকটি গাছ কাটার ফলে ১০-১২টি ছোট গাছ ভাঙছে, ২০-২৫টি পানগাছ নষ্ট হচ্ছে।মৌলভীবাজারের সহকারী বন কর্মকর্তা (এসিএফ) মিজানুর রহমান বলেন, নাহার চা-বাগানের গাছ কাটা নিয়ে খাসিয়া ও পরিবেশবাদী সংগঠনের আন্দোলনের কারণে একাধিকবার গাছ কাটা বন্ধ করা হয়েছে। সর্বশেষ ২০০৯ সালের ২৭ আগস্ট পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন উপসচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি এলাকা পরিদর্শন করেন। ওই কমিটিতে বাপার দুজন প্রতিনিধিও ছিলেন। কমিটি যেসব গাছ চিহ্নিত করে দিয়েছে, সেগুলোই কাটা হচ্ছে।জানা যায়, ২০০৮ সালের ৩০ জুন পরিবেশ ও বন মন্ত্রণালয় গাছ কাটার অনুমোদন দেয় এবং একই বছরের ৭ আগস্ট ৪৭ লাখ ৫১ হাজার ৩৯২ টাকা রাজস্ব নির্ধারণ করে নাহার বাগানে বিভিন্ন প্রজাতির চার হাজার পরিপক্ব গাছ কাটার অনাপত্তি দেয় বন বিভাগ। অনুমোদন পেয়ে চা-বাগান কর্তৃপক্ষ কাঠ ব্যবসায়ী মো. সেলিম উদ্দিনের কাছে গাছগুলো বিক্রি করে। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর গাছ কাটা শুরু হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও নাহার চা-বাগানের জমি ইজারা নিয়ে বসবাসরত খাসিয়ারা গাছ কাটার প্রতিবাদে আন্দোলন করেন।আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিবেশ ও বন মন্ত্রণালয় এ পর্যন্ত তিনবার গাছ কাটার অনুমোদন দেয়, আবার স্থগিতও করে। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি বন বিভাগ এক কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৯৭৫ টাকা রাজস্ব নির্ধারণ করে গাছ কাটার অনুমোদন দেয়।২২ ফেব্রুয়ারি বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বন বিভাগের ৭ ফেব্রুয়ারির দেওয়া রাজস্ব বৃদ্ধির আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।ব্যবসায়ী মো. সেলিম উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি খেপে গিয়ে বলেন, ‘মৌলভীবাজার জেলায় নিরালা ও লাংলিয়াছড়া পানপুঞ্জিতে খাসিয়ারা অবৈধভাবে শত শত গাছ কেটে হাতি দিয়ে টেনে পাহাড় থেকে নামাচ্ছে। চা বোর্ড থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত যত ধরনের অনুমোদনের প্রয়োজন, সবই আমার আছে। এর পরও উচ্চ আদালত পর্যন্ত আমাকে যেতে হয়েছে।’