শ্রীমঙ্গলের নাহার পুঞ্জিতে ‘মার্কিং’ ছাড়া অপরিপক্ব গাছ কাটার অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১ ও ২ নম্বর নাহার খাসিয়া পুঞ্জির পানজুম থেকে ‘মার্কিং’ ছাড়া অপরিপক্ব গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার নাহার পুঞ্জির খাসিয়া আদিবাসীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে করা এক পত্রে এ অভিযোগ করা হয়।আদিবাসী খাসিয়া সংগঠন কোবরাজ আন্তপুঞ্জির সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং প্রথম আলোকে বলেন, ‘নাহার চা-বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় কাঠ ব্যবসায়ী সেলিম উদ্দিনের লোকজন এ পর্যন্ত মার্কিং ছাড়া প্রায় ৫০০ গাছ কেটেছে। আজকেও (গতকাল বৃহস্পতিবার) তারা মার্কিং ছাড়া গাছ কেটেছে।’ তিনি বলেন, মূলত নাহার পুঞ্জি থেকে আদিবাসীদের উচ্ছেদ করতে মার্কিং ছাড়া গাছ কাটা হচ্ছে। এতে আদিবাসীদের জীবন, জীবিকা ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।এ প্রসঙ্গে নাহার চা-বাগানের ব্যবস্থাপক পীযূষ ভট্টাচার্য বলেন, ‘খাসিয়ারা নিজেরা গত মঙ্গলবার রাতে মার্কিং ছাড়া কিছু অপরিপক্ব গাছ কেটে আমাদের দোষ দিচ্ছে। অপরিপক্ব গাছ কাটলে তো চা-বাগানেরই ক্ষতি হবে। আমরা সে ক্ষতি করতে যাব কেন?’ ব্যবসায়ী সেলিম উদ্দিন অপরিপক্ব গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খাসিয়ারা এ পর্যন্ত ১৮-২০টি অপরিপক্ব গাছ কেটেছে। কয়েকটি গাছ খাসিয়ারা বিক্রিও করেছে। সে প্রমাণ আমাদের কাছে আছে।’জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আদিবাসীদের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। তারা বলেছে, হাইকোর্ট যে রায় দিয়েছেন, তার বাইরে মার্কিং ছাড়া গাছ কাটা হচ্ছে। হাতি দিয়ে গাছ টেনে নেওয়ার সময় অন্য গাছেরও ক্ষতি হচ্ছে।