শ্রীমঙ্গলের বাইক্কা বিলে ১৭০টি পাখির পায়ে রিং স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল ও সংলগ্ন এলাকায় ২৮ প্রজাতির ১৭০টি পাখির পায়ে রিং স্থাপন করা হয়েছে। পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকের তত্ত্বাবধানে তিন সদস্যের একটি দল ৫ থেকে ১০ মার্চ পর্যন্ত ওই রিংগুলো স্থাপন করে।এতে সহায়তা করে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত সমন্বিত সংরক্ষিত এলাকা সহব্যবস্থাপনা প্রকল্প (আইপ্যাক) এবং স্থানীয় বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন। দেশি ও পরিযায়ী পাখির চলাচল ও গতিবিধি পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি গবেষণার উদ্দেশ্যে বাংলাদেশ বার্ড ক্লাব গত বছরের নভেম্বরে কক্সবাজারের সোনাদিয়া থেকে এ কার্যক্রম শুরু করে।ওই ক্লাবের সভাপতি পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক গতকাল রোববার প্রথম আলোকে জানান, রিং স্থাপন করা দেশি ও পরিযায়ী পাখির ২৮ প্রজাতির মধ্যে ১৩ প্রজাতির পাখি বাংলাদেশে স্থায়ীভাবে বাস করে। বাকি ১৫ প্রজাতির পাখি পরিযায়ী। তিনি আরও জানান, গবেষণার ক্ষেত্রে পরিযায়ী পাখিদের প্রাধান্য দেওয়া হবে।