শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মন্দিরে দুর্গাপূজা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলচণ্ডী মন্দিরে গত শুক্রবার মহালয়ার পর দিনই দুর্গাপূজা শুরু হয়েছে। ছয় দিন আগে শুরু হওয়া এ পূজার নিয়ম আবহমান দুর্গাপূজার চেয়ে আলাদা। দেবী দুর্গার নয় রূপের পূজা শেষে ১৭ অক্টোবর দশমীর মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এ পূজা শেষ হবে।উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা-বাগান-সংলগ্ন মঙ্গলচণ্ডী মন্দিরে মঙ্গলচণ্ডী পূজা উদ্যাপন কমিটি বিশ্বশান্তি কামনায় এ পূজার আয়োজন করেছে।গতকাল শনিবার পূজার দ্বিতীয় দিনে গিয়ে দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করে হিন্দুধর্মাবলম্বী কয়েক হাজার ভক্তের সমাগম ঘটেছে পাহাড়-টিলা ঘেরা ওই মন্দির প্রাঙ্গণে। দেবী দুর্গার নয়টি রূপের নয়টি মূর্তি তৈরি করে পূজার আয়োজন করা হয়েছে। গতকাল দ্বিতীয় দিনে দেবীর ‘ব্রহ্মচারিণী’ রূপের পূজার মন্ত্রপাঠ করছেন পুরোহিতেরা। গত শুক্রবার প্রথম দিন দেবীর ‘শৈলপুত্রী’ রূপের পূজা করা হয়।পুরোহিত যাদুময় ভট্টাচার্য, দিপঙ্কর ভট্টাচার্য ও দয়াময় ভট্টাচার্য জানান, নবমী তিথি পর্যন্ত প্রতিদিন দেবীর ভিন্ন ভিন্ন রূপে স্থাপিত এ মূর্তিগুলোর পূজা করা হবে। রোববার তৃতীয় দিনে ‘চন্দ্রঘণ্টা’ রূপের, চতুর্থ দিনে ‘কুষ্মাণ্ডা’, পঞ্চম দিন ‘স্কন্ধমাতা’, ষষ্ঠ দিনে ‘কাত্যায়নী’, সপ্তম দিনে ‘কালোরাত্রি’, অষ্টম দিনে ‘মহাগৌরী’ এবং নবম দিনে দেবীর ‘সিদ্ধিদাত্রী’ রূপের পূজা করা হবে। দশমী তিথিতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দেবীর নয় রূপের পূজা।পুরোহিতেরা জানান, মানুষে মানুষে হিংসা-হানাহানি বন্ধে নয় রূপের পূজা দিয়ে দেবী দুর্গার আশীর্বাদ কামনায় এই পূজা করা হচ্ছে।মঙ্গলচণ্ডী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুণ গঞ্জু ও সাধারণ সম্পাদক বাদল মহান্তী জানান, প্রতিবছর তাঁরা মঙ্গলচণ্ডীর পূজা করতেন। এবারই প্রথম জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গার নয় রূপের পূজার আয়োজন করা হয়েছে।