শ্রীমঙ্গলের মাইক্রোবাস চালক খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাইক্রোবাসচালক মহসীনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার ও রাজপাড়া গ্রাম থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি গ্রামের জহুর আলী ওরফে কালা মিয়া (৫০) এবং ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের শারমিন বেগম (২৫) ও রহিমা বেগম (৩৫)। এই নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া হাফিজা ও বেগম নামের আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ জানান, গ্রেপ্তার হওয়ার পর ওই তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের ঘটনা স্বীকার করেন। জহুর জানান, তিনি নিজে মাইক্রোবাসটি ভাড়া করেন। পরে উপজেলার ভূনবীর থেকে শারমিন ও রহিমাকে মাইক্রোবাসে তোলা হয়। এরপর তাঁরা হবিগঞ্জের শাহজীবাজারে গিয়ে মাইক্রোবাসের চালক মহসীনকে শ্বাসরোধে হত্যা করে লাশ একটি রাবারবাগানে ফেলে দেন। পরে তাঁরা গাড়িটি কুমিল্লার বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোলায়মান পাটোয়ারীর বাড়িতে নিয়ে যান। হত্যাকাণ্ডের আগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বরুড়া উপজেলা সদরের লতিফপুর গ্রামের আজম খান ও একই উপজেলার সাহারপদুয়া গ্রামের সুমন মিয়া তাঁদের সঙ্গে যোগ দেন। গত ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থেকে দুজন যাত্রী ওই মাইক্রোবাসটি ভাড়ায় ঢাকায় নিয়ে যান। এর পর থেকে চালকসহ মাইক্রোবাসটি নিখোঁজ ছিল। ৬ অক্টোবর হবিগঞ্জের চুনারুঘাট থানার পুলিশ শাহজীবাজার রাবারবাগান থেকে মহসীনের লাশ উদ্ধার করে।