শ্রীরামসি গ্রামে হাওরের স্রোতে সারি সারি লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শান্তি’ বজায় রাখতে স্কুলে সভা ডাকে রাজাকার ও পাকিস্তানি সেনারা। এলাকার মানুষ জড়ো হন স্কুলের মাঠে। একপর্যায়ে তাঁদের বেঁধে ফেলা হয়। গ্রামের মুরব্বি, কৃষক, যুবক, স্কুলশিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ বহু মানুষকে নৌকায় করে নিয়ে যাওয়া হয় গ্রামের এক প্রান্তে। সেখানে গুলি করে হত্যা করা হয় তাঁদের। সারি সারি লাশ ভাসিয়ে দেওয়া হয় পানিতে।

১৯৭১ সালের ৩১ আগস্টের সেই বিভীষিকাময় মঙ্গলবারের কথা ভুলতে পারেন না শ্রীরামসি গ্রামের মানুষ। এদিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শান্ত-নিরিবিলি গ্রাম শ্রীরামসির বাড়িঘর, বাজারের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়। নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মানুষকে।

গ্রামবাসীর অপরাধ, তাঁরা ছিলেন মহান মুক্তিযুদ্ধের পক্ষে। বাড়িতে আশ্রয় দিতেন মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় ছিল শ্রীরামসি গ্রাম।

সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান সম্প্রতি প্রকাশিত তাঁর একাত্তরের সুনামগঞ্জ গ্রন্থে লিখেছেন, ২৯ আগস্ট স্থানীয় ছিলাউড়া গ্রামের দুজন রাজাকার শ্রীরামসি গ্রামে আসে। তারা গ্রামের যুবকদের রাজাকার বাহিনীতে যোগ দিতে বলে। গ্রামের যুবকেরা ওই রাজাকারদের ধাওয়া করে তাড়িয়ে দেন। যাওয়ার সময় রাজাকাররা শ্রীরামসি গ্রামের মানুষদের দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়।

গ্রামের মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী বলেন, তখন ভরা বর্ষা। চারদিকে থইথই পানি। ৩১ আগস্ট সকালে কয়েকটি নৌকায় করে জগন্নাথপুর সদর বাজার থেকে পাকিস্তানি সেনা ও রাজাকাররা আসে শ্রীরামসিতে। গ্রামের বাজারের পাশে অবস্থিত শ্রীরামসি উচ্চবিদ্যালয়ে ওঠে তারা। এরপর রাজাকারদের দিয়ে গ্রামের ঘরে ঘরে খবর পাঠায় সবাইকে স্কুলে আসতে। গ্রামের ‘শান্তি’ রক্ষায় কমিটি গঠন করা হবে এবং প্রত্যেককে নিরাপদে চলাচলের জন্য পরিচয়পত্র দেওয়া হবে।

ধীরে ধীরে মানুষজন জড়ো হন স্কুলে। একপর্যায়ে জড়ো হওয়া লোকদের ভাগ করে তাঁদের মধ্য থেকে শতাধিক লোককে স্কুলের দুটি কক্ষে নেওয়া হয়। ওই কক্ষে তাঁদের বেঁধে ফেলা হয় রশি দিয়ে। এরপর কয়েকটি নৌকায় করে তাঁদের নেওয়া হয় গ্রামের হিরণ মিয়ার বাড়িতে। বাড়ির পুকুরপাড়ে রশিতে বাঁধা অবস্থায় দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় তাঁদের। লাশ ভাসিয়ে দেওয়া হয় পানিতে। আগুন দেওয়া হয় শ্রীরামসি বাজার ও গ্রামের বাড়িঘরে। মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।

আলাপকালে হিরণ মিয়া বলেন, ওই দিন তাঁর বাবা মছরফ উল্লাহ স্কুলে গিয়েছিলেন। তিনি যখন দেখতে পান পাকিস্তানি সেনারা বাজার থেকে রশি আনছে, তখন কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে গ্রামের আর কেউ যেন স্কুলে না যান, সেই খবর পৌঁছে দেন। দুপুর ১২টার দিকে তাঁদের পুকুরপাড়ে স্কুল থেকে দুটি নৌকায় করে মানুষদের নিয়ে আসা হয়।

গ্রামের যেসব লোক গুলির শব্দে পালিয়ে গিয়েছিলেন, তিন দিন পর তাঁরা ফিরে এসে দেখেন, পুকুরপাড় ও আশপাশে বহু লাশ পড়ে আছে। তাঁরা লাশ দাফনের ব্যবস্থা করেন। হিরণ মিয়া বলেন, তাঁদের বাড়ির পাশের হাওরের খালে তখন স্রোত ছিল। অনেক লাশ ভেসে যায়। যেগুলো পুকুরে পড়ে ছিল, সেই লাশগুলোই পাওয়া যায়। পানি বেশি থাকায় লাশ কবর দেওয়ার শুকনা জমি পাওয়া যাচ্ছিল না। তাই পুকুরপাড়ে গর্ত করে একই স্থানে দুজন-তিনজন করে দাফন করা হয়েছে।

শ্রীরামসি গ্রামের জাহানে আলম ওরফে বাদশা মিয়ার বয়স তখন ১৩ কি ১৪ বছর। ওই দিনের গণহত্যায় তিনি বাবা তৈয়ব আলী, চাচা রুসমত আলী ও ফুফা মছদ্দর আলীকে হারিয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, সেই দিন সকালে খবর পেয়ে তৈয়ব আলীসহ প্রতিবেশী আরও কয়েকজন স্কুলে গিয়েছিলেন। দুপুর পেরিয়ে গেলেও তাঁরা না ফেরায় ঘরের মানুষের চিন্তা শুরু হয়। একসময় শুনতে পান মুহুর্মুহু গুলির শব্দ।

বাদশা মিয়া বলেন, ‘ভয়ে সবাই তখন গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। দুই-তিন দিন পর কেউ কেউ এসে লাশ দাফন করেছেন। গ্রামের যাঁরা ছিলেন, তাঁদের লাশ নিজেদের বাড়িঘরের আঙিনায় দাফন করেন স্বজনেরা। আবার যাঁরা এই গ্রামের বাইরে ছিলেন, তাঁদের লাশ হিরণ মিয়ার পুকুরপাড়ে গর্ত করে দাফন করা হয়। অনেকের লাশ ভেসে গেছে।’

১৯৮৭ সালে শ্রীরামসি উচ্চবিদ্যালয়ে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ২০০২ সালে হিরণ মিয়ার বাড়ির পুকুরপাড়ে ঘটনাস্থলে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। হিরণ মিয়ার পরিবারের পক্ষ থেকে এটি করা হয়েছে। দুটি স্মৃতিসৌধেই শহীদদের নামের আংশিক তালিকা রয়েছে। প্রতিবছর শহীদ স্মৃতি পরিষদের উদ্যোগে ৩১ আগস্টকে আঞ্চলিক শোক দিবস হিসেবে পালন করা হয়। স্কুলে শহীদদের স্মরণে থাকে নানা আয়োজন।

আবু সুফিয়ান তাঁর বইয়ে লিখেছেন, পাকিস্তানি বাহিনীর এই গণহত্যায় দেড় শতাধিক লোক প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। শ্রীরামসি গ্রামের মানুষ এই গণহত্যার বিচার চান।