শ্রীলঙ্কান শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গতকাল বুধবার সকালে বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএস শেষ বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শ্রীলঙ্কান এ শিক্ষার্থীর নাম মো. ইলসান ইরফান (২৭)। তাঁর বাবার নাম ইরফান আবদুল জব্বার। ফয়’স লেক বিশ্ববিদ্যালয়ের এলাকার রোজ ভ্যালি নামের ওই ছয়তলা ভবনে ইলসানের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা থাকতেন৷ তিনি এর কাছাকাছি অপর একটি বাড়িতে থাকতেন৷
গতকাল সকাল সাড়ে সাতটায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ইলসান৷ এ সময় তাঁর সহপাঠীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে৷
নগরের খুলশী থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা শামসুর রহমান জানান, ইলসানের বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছি, পরীক্ষায় ভালো ফল করতে না পারায় হতাশায় ভুগছিলেন৷ গতকাল সকালে বন্ধুদের সঙ্গে দেখা করতে এসে হঠাৎ ছয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন৷
ময়নাতদন্ত শেষে ইলসানের মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে হিমঘরে রাখা হয়েছে বলে জানিয়েছেন শামসুর রহমান৷ তাঁর মা-বাবা এলে তাঁদের কাছে হস্তান্তর করা হবে৷