শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আজ আসছেন, কাল আনুষ্ঠানিক বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইথ্রিপালা সিরিসেনা
মাইথ্রিপালা সিরিসেনা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় আসছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উপকূলীয় জাহাজ চলাচল, কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। কাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে মাইথ্রিপালা সিরিসেনার আনুষ্ঠানিক বৈঠকের পর এগুলো সইয়ের কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৭৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মাইথ্রিপালা সিরিসেনা।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সফরের প্রথম দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। সেখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।

সফরের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দপ্তরে আনুষ্ঠানিক বৈঠক করার আগে দুই নেতা একান্তে আলোচনা করবেন। সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনা করবেন। এরপর তাঁর সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন মাইথ্রিপালা সিরিসেনা।