শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার ঢাকা আসছেন। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজাপক্ষের আনুষ্ঠানিক বৈঠক শেষে ওই স্মারকে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে আরও চারটি স্মারক সই হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নির্ধারিত সফরসূচি অনুযায়ী আজ দুপুর সাড়ে ১২টায় একটি বিশেষ ফ্লাইটে কলম্বো থেকে ঢাকায় আসবেন রাজাপক্ষে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সফরের প্রথম দিনে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাবেন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক শেষে কারিগরি শিক্ষা, সেবিকা প্রশিক্ষণ, সংস্কৃতি, শিক্ষা ও বিজ্ঞান বিনিময়, কৃষি গবেষণা কেন্দ্র, মৎস্য ও পশুসম্পদ বিষয়ে গবেষণা এবং দুই দেশের রপ্তানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা বাড়ানোর বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে।আজ রাতে হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে তাঁর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দেবেন রাজাপক্ষে।আগামীকালের কার্যসূচি অনুযায়ী মাহিন্দা রাজাপক্ষে সকালে বঙ্গবন্ধু জাদুঘর ও বাড্ডায় বৌদ্ধমন্দির পরিদর্শনে যাবেন। দুপুরে এফবিসিসিআইয়ের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি তাঁর সম্মানে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন। আগামী বুধবার দুপুরে রাজাপক্ষের ঢাকা ছাড়ার কথা রয়েছে।প্রসঙ্গত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে বাণিজ্যের পরিমাণ ছিল ২৬ মিলিয়ন ডলার, যা পরবর্তী অর্থ বছরে বেড়ে দাঁড়ায় ৩৭ মিলিয়ন ডলারে। এ পর্যন্ত বাংলাদেশে ১০২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে শ্রীলঙ্কা।