শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কাল ঢাকায় আসছেন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার বাংলাদেশে আসছেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণে তাঁর এই সফর। তাঁর সঙ্গে শ্রীলঙ্কার ফার্স্ট লেডিও থাকবেন। খবর বাসসের।বাংলাদেশের রাষ্ট্রপতি দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। তাঁর আগমনে বিমানবন্দরে ২১ বার তোপধ্বনি করা হবে এবং তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে।বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে রাজাপক্ষে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে উঠবেন। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন। তাঁরসম্মানে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে।রাজাপক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও নগরের মেরুল বাড্ডায় বৌদ্ধমন্দির পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশে বসবাসকারী শ্রীলঙ্কান সম্প্র্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাজাপক্ষে বুধবার বিকেলে দেশের উদ্দেশে যাত্রা করবেন। তাঁর এই সফরকালে দুই দেশের মধ্যে বিশেষ করে রপ্তানি উন্নয়ন, ব্যবসায়, জাহাজ চলাচল, কৃষি, মৎস্য, পশুপালন, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হতে পারে।