শ্রীলঙ্কার সঙ্গে জাহাজ চলাচল চুক্তি অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার অনীহার কারণে বাংলাদেশের সঙ্গে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। চুক্তির খসড়ার দুয়েকটি বিষয় ছাড়া দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছিল, শেষ মুহূর্তে শ্রীলঙ্কা তাদের অবস্থান পরিবর্তন করেছে। ফলে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো নৌসচিব পর্যায়ের বৈঠকের পর আলোচনার সম্মত ঘোষণাটি সই হয়নি।

গতকাল মঙ্গলবার রাতে একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে এই তথ্য জানিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

গতকালের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন নৌসচিব অশোক মাধব রায়। শ্রীলঙ্কার পক্ষে নেতৃত্ব দেন সে দেশের বন্দর ও নৌসচিব এল পি জেয়ামপেথি।

দুই দেশের পণ্য পরিবহনে খরচ ও সময় কমাতে উপকূলীয় জাহাজ চুক্তি সই করার প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ছোটখাটো কিছু সংশোধনীর পর তা আগামী মাসে চূড়ান্ত করার কথা ছিল। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার বাংলাদেশ সফরের সময় চুক্তিটি সইয়ের কথা ছিল।

বৈঠক সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির খসড়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত হয়েছিল শ্রীলঙ্কা। এমনকি গত সোমবার সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে কোনো দ্বিমত করেনি দেশটি। গতকাল আলোচনায় এসে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি চালু হলে জাহাজের ধরন কী হবে এবং তৃতীয় কোনো দেশের মাধ্যমে পণ্য আনা-নেওয়া নিয়ে আপত্তি তোলে শ্রীলঙ্কা। প্রচলিত ফিডারের পাশাপাশি অপ্রচলিত ছোট ছোট নৌযান চালুর ব্যাপারে বাংলাদেশের প্রস্তাব শ্রীলঙ্কা মেনে নিতে চায়নি। তৃতীয় দেশে পণ্য আনা-নেওয়াতে শ্রীলঙ্কা দ্বিমত প্রকাশ করে।

গতকালের বৈঠকে শ্রীলঙ্কার বন্দরে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ অগ্রাধিকার ভিত্তিতে ভেড়ানো, শ্রীলঙ্কার বন্দর ব্যবহারের সময় বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্যবাহী জাহাজের ভাড়া কমানো, সমুদ্রগামী জাহাজ ইজারা কিংবা কেনা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।