শ্রীহীন কুয়াকাটা সৈকতে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার স্থান হিসেবে বিখ্যাত সমুদ্রসৈকত কুয়াকাটা তীব্র ভাঙনের মুখে পড়েছে। বছরের পর বছর ধরে ভাঙনের ফলে ক্রমেই ছোট হয়ে আসছে পটুয়াখালীর কলাপাড়ার এই সৈকতটি। সৈকত রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে এর চিহ্ন অচিরেই মুছে যাবে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন। সমুদ্রের দিকে আঙুল তুলে কুয়াকাটার খাজুরা এলাকার অশীতিপর করিম মিয়া বলেন, ‘এই সাগর পারডা চওড়ায় সাড়ে তিন মাইল আছেলে। এ্যাহন তো কইতে গেলে সাগরের কূল মোর বাড়ির ধারে আইয়া পড়ছে (সৈকত এখন চওড়ায় আধ কিলোমিটারের মতো হবে)। দ্যাশ-বিদেশের মানুষ আয় কুয়াকাটা দেখতে। আইজগো কুয়াকাটার লাইগ্যাই এই এলাকার মাইনসের উন্নতি অইছে। কিন্তু এদিকে কারও নজর আছে বইল্যা মোনে অয় না। ভাঙ্গনের মোহে কুয়াকাটারে রক্ষা না করলে এই এলাকার সম্পদ, জীবন সবই শ্যাষ অইয়া যাইবে।’সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু করে পূর্ব দিকে বিস্তৃত সৈকতজুড়ে কেবলই ধ্বংসের ছাপ। সৈকত লাগোয়া ফার্মস অ্যান্ড ফার্মস লিমিটেড নামের নারকেলের বাগান থেকে উপড়ে পড়ে আছে বহু নারিকেলগাছ। এসব গাছ উপড়ে লাশের মতো পড়ে আছে সৈকতে ওপরেই। নারকেলবাগান লাগোয়া বনের কড়ই, জাম, রেইন্ট্রিসহ অন্যান্য গাছও উপড়ে পড়েছে। উপড়ে পড়া গাছগুলো ওপরের দিক থেকে কেটে নেওয়া হলেও মাটির মধ্যে রয়ে গেছে গোড়াগুলো। পড়ে থাকা গাছের গোড়ার কারণে দর্শনার্থী ও পর্যটকদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এসব জঞ্জালের কারণে সৈকতের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। জিরো পয়েন্টের পশ্চিম দিকের সৈকতের অবস্থাও একই রকম। এদিকে সাগরের জোয়ারের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে গেছে সৈকত। সৈকতের কোনো কোনো স্থানের বালু সরে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে। আবার কোথাও কোথাও সৈকতের মাঝখান থেকে ছোট ছোট খালের সৃষ্টি হয়ে ভাগ হয়ে গেছে মসৃণ সৈকত। এককথায়, গোটা সৈকতই এবড়োখেবড়ো হয়ে পড়েছে।সেন্টার ফর এনভারনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) উপনির্বাহী পরিচালক এবং নদী ও জলবায়ু বিশেষজ্ঞ মোমিনুল হক সরকার বলেন, এই অঞ্চলটা যেভাবে ভাঙছে, সেভাবে পলি পড়ে গড়ছে না। কুয়াকাটা সৈকত সমুদ্রের তাণ্ডবে ভাঙনের কবলে পড়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে হয়।কুয়াকাটার এমন রুগ্ণ দশা দেখে পর্যটকেরাও চিন্তিত। খুলনা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মশিউর রহমান বলেন, ‘কুয়াকাটায় এর আগেও এসেছি। এবার এসে থমকে গেছি। এর আগের অবস্থা কী ছিল, আর এখন কী হলো! কুয়াকাটা এ দেশেরই সম্পদ। একে বাঁচিয়ে রাখতে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।’ কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সফিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সৈকত রক্ষায় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ হাতে নেওয়া হয়নি। আমরা মনে করি, বড় ধরনের প্রকল্প গ্রহণ করা ছাড়া এ ব্যাপারে কিছু করা যাবে না। সৈকত রক্ষায় টেকসই ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, পৃথিবীর তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। হিমবাহের বরফও গলছে ব্যাপকভাবে। এ বছর বৃষ্টিও হচ্ছে অসময়ে এবং বৃষ্টির পরিমাণ খুবই বেশি, যার ফলে নদী-সাগরে প্রচণ্ড ঢেউ হচ্ছে। এতে ক্ষতির শিকার হচ্ছে কুয়াকাটাসহ উপকূল।