শ্রীহীন হয়ে পড়ছে বোটানিক্যাল গার্ডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বোটানিক্যাল গার্ডেন দিন দিন শ্রীহীন হয়ে পড়ছে। পরিচর্যার অভাবে বাগানের গাছের গোড়া থেকে মাটি সরে গেছে। ঝড়ে উপড়ে গেছে অর্ধশতাধিক গাছ। অনেক গাছ জলাবদ্ধতার কারণে মরে যাচ্ছে।
১৯৮৬ সালে কুমিল্লা শহরের কালিয়াজুরির ১০ দশমিক ১৫ একর জায়গা নিয়ে কুমিল্লা বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। ওই জায়গার ৯ দশমিক ৪০ একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হয়।
সরেজমিনে দেখা যায়, মেহগনি, আম, জাম, একাশিয়া ও কড়ইগাছ ঝড়ে উপড়ে পড়ে আছে। কোনো কোনো গাছ জলাবদ্ধতার কারণে মরে গেছে। শত শত গাছ রুগ্ণ। বাগানের পশ্চিম পাশের মেহগনিগাছগুলোর গোড়ায় মাটি নেই। গাছগুলোর নিচে পানি জমেছে। দক্ষিণ পাশে উপড়ে পড়ে রয়েছে আরও কয়েকটি গাছ। বাগানে ঘাস বড় হয়ে নুয়ে পড়েছে। শিশুদের খেলার রাইডগুলোর নিচে পানি জমে আছে। সেখানকার পরিবেশ নোংরা।
বোটানিক্যাল গার্ডেনে কথা হয় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শারমিন সুলতানা, মাইশা আফরোজ, নিশাত সাদাফ ও শান্তনা আক্তারের সঙ্গে। তাঁরা বলেন, বাগানের অনেক গাছ মরে গেছে। গার্ডেনের সুন্দর চেহারাটা আগের মতো নেই। কুমিল্লা নগরের রানীর দীঘিরপাড় এলাকার বাসিন্দা সাজ্জাদুল কবীর বলেন, ‘প্রায় এক দশক পর বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এলাম। এর নাজুক অবস্থা দেখে খারাপ লেগেছে।’
বোটানিক্যাল গার্ডেনের ইজারাদার আনিসুর রহমান বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে এ গার্ডেন ইজারা নিয়েছি। বাগানের অনেক গাছের গোড়ায় মাটি নেই। শিশুদের জন্য নেই কোনো ভালো রাইড। বেশির ভাগ গাছগাছালি মরে যাচ্ছে। চেষ্টা করছি কিছু করার জন্য। তবে দীর্ঘ মেয়াদে ইজারা পাওয়া গেলে কিছু করা যেত। প্রতিদিন গড়ে ২০০ জনের মতো দর্শনার্থী এখানে আসে। প্রবেশ ফি জনপ্রতি ১০ টাকা।’
সাবেক ইজারাদার মামুনুর রহমান পাটোয়ারী বলেন, ২০১৩ সালের ৪ অক্টোবর বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ঢেলে সাজানোর জন্য জেলা প্রশাসকের কাছে চিড়িয়াখানার প্রবেশমুখে মাটি ভরাট, পানকৌড়ি রেস্তোরাঁ মেরামত, এর প্রবেশপথে গ্রিল লাগানো, জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক উন্নয়ন, দর্শনার্থীদের জন্য বড় আকারের চারটি শেড, নালার ব্যবস্থা ও দুটি সড়ক মেরামতসহ ১৩টি দাবি উত্থাপন করা হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি।
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক বলেন, জেলা প্রশাসন দীর্ঘমেয়াদি ভূমির বন্দোবস্ত দিলে জেলা পরিষদ বোটানিক্যাল গার্ডেনে বড় ধরনের বিনিয়োগ করত। এতে কুমিল্লার মানুষ উপকৃত হতো। শিগগিরই বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে গাছগুলো রক্ষার ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনের মালিক ভূমি মন্ত্রণালয়। জেলা প্রশাসন ওই হিসেবে জায়গা ইজারা দিচ্ছে। আর বোটানিক্যাল গার্ডেন তত্ত্বাবধান করছে জেলা পরিষদ। এরপরও আমরা বিষয়টি নিয়ে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে কথা বলব।’