শ্রীহীন হয়ে পড়ছে শত বছরের পুরোনো মসজিদ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী ময়দানহাটা মসজিদ প্রয়োজনীয় সংস্কারের অভাবে শ্রীহীন হয়ে পড়ছে। অনন্য সুন্দর এই মসজিদ দেখতে একসময় দূর-দূরান্ত থেকে এখানে ধর্মপ্রাণ মানুষ আসতেন। কিন্তু মসজিদের বর্তমান শ্রীহীন অবস্থা দর্শনার্থীদের নিরাশ করছে।গ্রামবাসী জানান, ময়দানহাটা গ্রামের এই মসজিদটি উপজেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। কবে মসজিদটি স্থাপন করা হয়েছিল, তার সঠিক সময় জানা যায়নি। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটি দিন দিন শ্রীহীন হয়ে পড়ছে। কয়েক বছর আগে মসজিদের একটি অংশে ফাটল ধরে। তখন এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় কিছু সংস্কারকাজ হয়। মসজিদটির সার্বিক সংস্কার জরুরি হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। মসজিদের দেয়ালের পলেস্তারা মাঝেমধ্যে খসে মুসল্লিদের ওপর পড়ে।গ্রামের আবদুল জব্বার (৭৫) জানান, মসজিদটি শতাধিক বছরের পুরোনো। উন্নত নির্মাণশৈলী ও দৃষ্টিনন্দন কারুকাজে মসজিদটি নির্মাণ করা হয়েছে। ময়দানহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতেম আলী মণ্ডল (৬৫) জানান, দীর্ঘদিন ধরে মসজিদটির প্রয়োজনীয় সংস্কার হচ্ছে না। এটি সংস্কারের জন্য অনেক টাকা দরকার, যা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া সম্ভব নয়। স্থানীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান জানান, মসজিদটি সংরক্ষণের ব্যাপারে তিনি শিগগিরই প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন।