শ্রুতলেখক ও পরীক্ষার্থী দুজনই খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএসসি পরীক্ষায় প্রশ্নের উত্তর বলে দিচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আর পাশে বসে শ্রুতলেখক (নীল শার্ট পরা) খাতায় লিখছে। ছবিটি চট্টগ্রামের কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয় থেকে তোলা l প্রথম আলো
জেএসসি পরীক্ষায় প্রশ্নের উত্তর বলে দিচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আর পাশে বসে শ্রুতলেখক (নীল শার্ট পরা) খাতায় লিখছে। ছবিটি চট্টগ্রামের কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয় থেকে তোলা l প্রথম আলো

‘এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমি সপ্তম শ্রেণিতে পড়ি। কিন্তু পরীক্ষা দিলাম অষ্টম শ্রেণির। বিষয়টি দারুণ উপভোগ করেছি আমি। আর আমি ফারজানা আপুর দায়িত্বটা নিয়েছি বলে আমার বাবা-মা অনেক খুশি হয়েছেন।’
ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নওশিন নাওয়ার এভাবেই তার অভিব্যক্তি বর্ণনা করল। সে গতকাল শুক্রবার অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধী ফারজানা আক্তারের শ্রুতলেখক হয়েছিল। ফারজানার মুখে শুনে নওশিন উত্তরপত্রে লিখেছে।
নওশিনের মতো সপ্তম শ্রেণির আরও ছয় শিক্ষার্থী গতকাল জেএসসি পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসে। তারা দৃষ্টিপ্রতিবন্ধীদের হয়ে পরীক্ষায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত। শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিতে পেরে চট্টগ্রাম সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সাত শিক্ষার্থীও দারুণ খুশি।
এই বিদ্যালয় থেকে এবার অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষায় সাতজন শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া সরকারি বাক্-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় থেকেও দুই ছাত্র জেএসসি পরীক্ষা দিয়েছে। বাক্-শ্রবণপ্রতিবন্ধীদের শ্রুতলেখক দরকার হয় না। তবে সাত দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থী তাদের শ্রুতলেখক নিয়ে প্রথম থেকে দুশ্চিন্তায় ছিল। এ নিয়ে ২ নভেম্বর প্রথম আলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়। এরপর বিভিন্ন অভিভাবক ও প্রতিষ্ঠান শ্রুতলেখকের বিষয়ে সাহায্য করতে এগিয়ে আসে। স্রোত নামে একটি সংগঠন ছয়জন সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে শ্রুতলেখক হিসেবে নির্বাচন করে। অপর শ্রুতলেখক নির্বাচন করেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবকেরা।
গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী ফারজানা আক্তার বলে, ‘আমি শুধু একটি প্রশ্ন ছাড়া আর সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। পরীক্ষা খুবই ভালো হয়েছে। নিঝুমের সঙ্গে আমার বোঝাপড়ায় কোনো সমস্যা হয়নি।’
ফারজানার পরীক্ষাকেন্দ্র ছিল কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ে। ওই কেন্দ্রে ফারজানাসহ মোট চারজন দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষায় অংশ নেয়। অপর তিন দৃষ্টিপ্রতিবন্ধীর পরীক্ষাকেন্দ্র পড়েছে চট্টগ্রাম অংকুর বিদ্যালয়ে।
শাকিল খান ৯০ নম্বরের উত্তর দিয়েছে বলে জানায়। সে বলে, ‘আমরা প্রথম থেকে শ্রুতলেখক নিয়ে ভাবনায় ছিলাম। তবে এরা যেভাবে আমাদের সাহায্যে এগিয়ে এসেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। আমার পরীক্ষা ভালোই হয়েছে।’
শাকিলের শ্রুতলেখক হিসেবে ছিল কাপাসগোলা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা তাবাসুম। আনিকার কাছে এই অভিজ্ঞতাটা নতুন। সে বলে, ‘এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা। আমি এক শ্রেণি নিচে পড়ি। কিন্তু অষ্টম শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছি। সবচেয়ে ভালো লাগছে তার কাজে লাগতে পেরে।’
শ্রুতলেখকদের অভিভাবকেরা আগ্রহ নিয়ে সন্তানদের দৃষ্টিপ্রতিবন্ধীদের পরীক্ষায় সহায়তা করার জন্য পাঠিয়েছেন বলে জানান দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সামাদ।
সোহেল রানার শ্রুতলেখক হয়েছে নোয়াখালীর হাতিয়ার একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাকসুদুর রহমান। মাকসুদ বলে, ‘আমাকে আমার বাবা-মা হাতিয়া থেকে পাঠিয়ে দিয়েছে এখানে। সোহেল ভাইয়ের বাড়িও আমাদের ওখানে। তাই তাকে সাহায্য করার জন্য এসেছি। এটা একটা ভালো কাজ।’
শ্রুতলেখকদের মতে, এই কাজটি মহৎ। এ ছাড়া এটি করতে গিয়ে নিজেদেরও অষ্টম শ্রেণির পড়ালেখা সম্পর্কে একটি আগাম ধারণা হচ্ছে।