শ্রুতলেখক সমস্যা সমাধানে এগিয়ে আসছেন অনেকে
দৃষ্টিপ্রতিবন্ধী জেএসসি পরীক্ষার্থীদের শ্রুতলেখক সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন অনেক সচেতন অভিভাবক সাধারণ মানুষ। গতকাল রোববার প্রথম আলোয় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর তাঁরা সাহায্যের জন্য এগিয়ে আসেন।
অভিভাবকেরা দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষক এবং প্রথম আলোর সঙ্গে সমস্যা সমাধানে যোগাযোগ করেন। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে দুপুরে একদল অভিভাবক এসে তাঁদের সপ্তম শ্রেণি পড়ুয়া সন্তানদের শ্রুতলেখক হিসেবে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেন।
ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের এই অভিভাবকেরা দৃষ্টিপ্রতিবন্ধী জেএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সময় তাঁদের নিজ নিজ সন্তানকে শ্রুতলেখক হিসেবে দিতে আপত্তি নেই বলে জানান।
তাঁদের আগ্রহের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়। স্কুলেও অনেকে শ্রুতলেখক সমস্যার সমাধানে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস সামাদ বলেন, ‘প্রতিবেদন প্রকাশের পর অনেকে যোগাযোগ করেছেন। আমাদের আগে আশ্বাস দেওয়া সংগঠনও যোগাযোগ করেছে। তাঁরা আমাদের শিক্ষার্থীদের জন্য শ্রুতলেখক দেওয়ার কথা পুর্নব্যক্ত করেছেন। এর পরও যদি প্রয়োজন হয়, তাহলে অন্যান্য আগ্রহীর কাছ থেকে আমরা এ বিষয়ে সাহায্য নেব।’