হাত দুটি অকেজো আহ্নাফ তাহমিদের। লেখার তো প্রশ্নই আসে না। শ্রুতি লেখক নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে সে।নীলফামারীর সৈয়দপুর শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সে। বাবা গোলাম মোস্তফা একটি বিমা প্রতিষ্ঠানে চাকরি করেন। মা নাজমা নাজ গৃহিণী। তিনি বলেন, ‘অনেক চিকিৎসা করিয়াছি। কিন্তু কোনোভাবেই ছেলেকে সুস্থ করে তুলতে পারিনি। এ অবস্থায় আমরা তার ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়ি।’সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জানান, প্রবল মনোবল আহ্নাফের। ক্লাসে বরাবরই ভালো ছাত্র সে। তবে ওর পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ অবস্থায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে স্ক্রাইব পদ্ধতিতে (শ্রুতি লেখকের সাহায্য নিয়ে পরীক্ষা দেওয়া) পরীক্ষা নেওয়ার আবেদন করা হয়। বোর্ড কর্তৃপক্ষ তাতে সায় দেয়।আহ্নাফ বলে, ‘শ্রুতি লেখক হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেরই সপ্তম শ্রেণীর ছাত্র আবির হোসেন। আমি বলেছি আর আমার পাশে বসে উত্তরপত্রে আবির তা লিখেছে।’ ভবিষ্যতে সে ইংরেজি সাহিত্যে পড়তে চায়।