বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম চালু ও পাঁচ দফা দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে প্রায় চার ঘণ্টা অবস্থান করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ কর্মসূচি চলে।
শিক্ষার্থীদের এই কর্মসূচি চলাকালে উপাচার্যের কার্যালয়ের ভেতরে উপাচার্য প্রভাত চন্দ বড়ুয়া ও বোর্ড অব ট্রাস্টির সদস্যসচিব নীনা ইসলাম আটকা পড়েন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকার ঘোষণা দিলে সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ফার্মেসি বিভাগের জন্য স্বতন্ত্র লিফট চালু, নিরবচ্ছিন্ন বিদ্যুৎসুবিধা ও ব্যবহারিক পরীক্ষাগারের সুবিধা বৃদ্ধি ইত্যাদি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানান, ফার্মেসি বিভাগের শ্রেণি কার্যক্রম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। সম্প্রতি এ বিভাগের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পাশে নির্মাণাধীন ডি-ব্লক ভবনে স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়। ভবনের
ষষ্ঠ থেকে অষ্টম তলা পর্যন্ত ফার্মেসি বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওশাদুর রহমান সাংবাদিকদের বলেন, নতুন ভবনে বিভাগ স্থানান্তরের লক্ষ্যে ২৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবার নতুন ভবনে শ্রেণি কার্যক্রম চালানোর মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছিল। কিন্তু কাজ কিছুই হচ্ছিল না। তাই শনিবার অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, ‘আমরাও চাই ক্লাস হোক। কিন্তু বিভাগ স্থানান্তরের জন্য কয়েক দিন ক্লাস কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। এখন ক্লাস চালু রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি দাবি করেন, শিক্ষার্থীদের দাবি পূরণে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।