রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শ্রেণি কার্যক্রম শুরুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শ্রেণি কার্যক্রম শুরুর দাবিতে গতকাল রোববার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। একই দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে শিক্ষার্থীদের মানববন্ধন শুরু হয়। দেড় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স এবং ব্যবস্থাপনা বিভাগের ভর্তি কার্যক্রম গত ১৪ জুলাই শেষ হয়।
এরপর জুলাই মাসের শেষ সপ্তাহে শ্রেণি কার্যক্রম শুরু হবে জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এখনো শ্রেণি কার্যক্রম শুরু হয়নি। কখন শুরু হবে তা-ও জানানো হচ্ছে না। এ অবস্থায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন।
মানববন্ধনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে প্রথম ব্যাচে ৭৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
সেশনজটে পড়ার আশঙ্কা ব্যক্ত করে শিক্ষার্থীরা এ ব্যাপারে রাঙামাটিবাসীর সহযোগিতা কামনা করেন।
মানববন্ধন শেষে শ্রেণি কার্যক্রম শুরুর দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
যোগাযোগ করা হলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা জানান, এ মাসের ২৭ তারিখ শিক্ষক নিয়োগ কার্যক্রম শেষ হবে। অক্টোবর মাসের শেষ অথবা নভেম্বরের শুরুর দিকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থাপনা না থাকলেও রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের চতুর্থ এবং পঞ্চম তলায় বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালানো হবে। এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। তবে এখনো চুক্তি হয়নি।
বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে পার্বত্য চট্টগ্রামে পক্ষে-বিপক্ষে মতামত রয়েছে।
পার্বত্য চট্টগ্রামের কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন পার্বত্য চুক্তি বাস্তবায়নের আগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত রাখার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং কয়েকটি সংগঠন বিশ্ববিদ্যালয় স্থাপনের পক্ষে।