শ্রেণিকক্ষ ও পরীক্ষাগার নেই!
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগ চালু হওয়ার দীর্ঘ তিন বছর পেরিয়ে গেলেও স্বতন্ত্র পরীক্ষাগার স্থাপন করা হয়নি। ব্যবস্থা হয়নি স্থায়ী শ্রেণিকক্ষেরও। ফলে বিভাগটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা শ্রেণিকার্যে অংশগ্রহণ করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত ২০১১ সালে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাটি চালু করা হয়। ওই বছরই ৬০ জন শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। এরপর গত দুই বছরে আরও ১০০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা হয় বিভাগটিতে।
সূত্র জানায়, পাঠদান শুরুর তিন বছর পার হলেও এই বিভাগের শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র শ্রেণিকক্ষ, পরীক্ষাগার (ল্যাব) স্থাপনের কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে অন্য বিভাগের শ্রেণিকক্ষ ও পরীক্ষাগার ব্যবহার করে দায়সারাভাবে পাঠদান চলছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, দেশের অন্য বড় বড় বিশ্ববিদ্যালয়ে যেখানে ফুড টেকনোলজি ও নিউট্রিশন সায়েন্স বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয় ২৫-৩০ জন, সেখানে এই বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে প্রতিটি সেশনে প্রায় ৬০ জন করে। কিন্তু শিক্ষার্থী অনুপাতে নিয়োগ দেওয়া হয়নি শিক্ষকও। বর্তমানে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন এই বিভাগটিতে। এ অবস্থায় অন্য বিভাগের শিক্ষক দিয়ে অনেকটা জোড়াতালি দিয়ে পাঠদান করা হচ্ছে।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, অন্য বিভাগের পরীক্ষাগারে গিয়ে ব্যবহারিক ক্লাস করতে গিয়ে যে সময় পাওয়া যায় তা একেবারেই নগণ্য। এতে শিক্ষার্থীদের কিছুই শেখা হচ্ছে না।
জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান তাজুল ইসলাম স্থায়ী শ্রেণিকক্ষ ও পরীক্ষাগার না থাকার কথা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বিভাগের পাঠ্যক্রমের ৫৫ শতাংশই ব্যবহারিক। অথচ বিভাগটির কোনো নিজস্ব পরীক্ষাগার নেই। নেই শিক্ষকদের বসারও নিজস্ব কোনো কক্ষও। অন্য বিভাগের শিক্ষকদের কক্ষে গিয়ে তাঁদের বসতে হয়। রয়েছে শিক্ষকের সংকট। এসব বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও জানা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
ভারপ্রাপ্ত উপাচার্য ও বিজ্ঞান অনুষদের ডিন আবুল হোসেন বলেন, অবকাঠামোগত সমস্যার কারণেই স্বতন্ত্র শ্রেণিকক্ষ ও পরীক্ষাগার (ল্যাব) করা যাচ্ছে না। নির্মাণাধীন ভবনের কাজ শেষ হলে এ সমস্যা সমাধাণ করা হবে।