শ্রেণিকক্ষ ও বেঞ্চ সংকটে বারান্দায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণিকক্ষ ও বেঞ্চসংকটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চবিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। একটি বেঞ্চে তিনজনের জায়গা থাকলেও বসছে ছয়জন। আর শ্রেণিকক্ষ সংকটের কারণে বারান্দায় করতে হচ্ছে পাঠদান।
জানা গেছে, বিদ্যালয়টি কমলগঞ্জ উপজেলার চা-বাগান ও মণিপুরি সম্প্রদায়–অধ্যুষিত এলাকায়। ধারণক্ষমতার চেয়ে বিদ্যালয়টিতে শিক্ষার্থী বেশি। এখানে যে শ্রেণিকক্ষ ও বেঞ্চ আছে, তা দিয়ে সাত শ শিক্ষার্থীকে পাঠদান করা যায়। কিন্তু বর্তমানে শিক্ষার্থী ১ হাজার ২৯৯ জন। বিদ্যালয়ে ছোট আয়তনের শ্রেণিকক্ষ ১২টি। শ্রেণিকক্ষ ও বেঞ্চ না থাকায়´দাঁড়িয়ে ক্লাস করছে অনেক শিক্ষার্থী।
শিক্ষক পরিমল সিংহ ও রমা রানী রায় বলেন, শ্রেণিকক্ষে জায়গা না থাকায় বারান্দায় সপ্তম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশকে পাঠ দেওয়া হচ্ছে। আর শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হচ্ছে।
দশম শ্রেণির শিক্ষার্থী অভিষেক সিংহ বলে, ক্লাসে বসার জায়গা হয় না। তাই কক্ষের বাইরে বারান্দায় বসে ক্লাস করতে হয়। বিদ্যালয়টির পাশ দিয়ে কমলগঞ্জ ধলই সীমান্তের বড় সড়ক চলে যাওয়ায় সারা দিন গাড়ি চলাচলের শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এতে মনোযোগ ধরে রাখা যায় না। একটি শ্রেণিকক্ষে ৭০ জনের মতো জায়গা হয়, কিন্তু শিক্ষার্থী রয়েছে দুই শতাধিক। এতে পাঠদান করাতে হিমশিম খান শিক্ষকেরা।
প্রধান শিক্ষক আবদুস সোবহান বলেন, ‘প্রতিদিন এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত থাকে। ১২টি কক্ষে আমরা তাদের বসার জায়গা করে দিতে পারছি না। সরকারিভাবে এখানে নতুন একটি ভবন নির্মিত হলেও কোনো আসবাব দেওয়া হয়নি। এতে আরও সমস্যা হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে বাঁশের তৈরি একটি ঘরে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছিল। দুটি দ্বিতল ভবন ও একটি টিনশেডের সেমিপাকা ঘর নিয়ে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। এ বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষক আছেন নয়জন, আর অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন চারজন শিক্ষক রয়েছেন।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ সমস্যা সমাধানে উপজেলা পরিষদ থেকে মাধবপুর উচ্চবিদ্যালয়ে আপাতত কয়েক জোড়া বেঞ্চ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে এখানে আরও দুটি বড় শ্রেণিকক্ষ ও ৪৫ জোড়া বেঞ্চ দরকার। তিনি বিষয়টি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।