শ্রেণিকক্ষ ও বেঞ্চ-সংকটে খুদে শিক্ষার্থীদের ভোগান্তি

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ধোলাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট থাকায় পরিত্যক্ত ভবনের বারান্দায় পাঠদান করা হচ্ছে। এদিকে বিদ্যালয়ের ৩১০ জন ছাত্রছাত্রীর জন্য বেঞ্চ আছে মাত্র ২৪টি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিদ্যালয়টির একটি ভবন নির্মাণ করে। ২০১৩ সালের জুন মাসে ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়। এরপর উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবনটিতে ক্লাস না করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন। ওই বছরের ৫ নভেম্বর প্রথম আলোতে ‘খোলা আকাশের নিচে পাঠদান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের প্রায় তিন লাখ টাকায় শিক্ষার্থীদের জন্য তিন কক্ষের একটি টিনের ঘর নির্মাণ করা হয়। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় পড়ানো (ক্লাস) হয় দুই পালায়। সকাল সাড়ে নয়টা থেকে শিশু শ্রেণি, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়। শ্রেণিকক্ষ-সংকটের কারণে শিশু শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস পরিত্যক্ত ভবনের বারান্দায় হচ্ছে।
গত শনিবার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পরিত্যক্ত ভবনের একটি কক্ষে শিক্ষকেরা ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করছেন। ওই ভবনের বারান্দার মেঝেতে বসে শিক্ষার্থীরা ক্লাস করছে। শিশু শ্রেণির শিক্ষার্থী একরামুল হক বলে, ‘বারেন্ডার পাকার মাঝিয়াত বসি পড়া পড়তে পা ব্যথা করে। নেকা নেকতেও কষ্ট হয়।’ ওই শ্রেণির আরেক ছাত্র বুলবুল ইসলাম বলে, ‘অন্য স্কুলোত হামার মতোন ছাত্রোর জন্যে ঘর আছে, বেঞ্চ আছে। কিন্তু হামার স্কুলোত নাই। মাঝিয়াত বসি পড়ার সময় কটকট করি নাগে।’
পঞ্চম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম বলে, শ্রেণিকক্ষের পাশাপাশি তাদের স্কুলে বেঞ্চও কম। আগে এলে বেঞ্চ পাওয়া যায়, পরে এলে পেছনে দাঁড়িয়ে ক্লাস করতে হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমানাথ রায় বলেন, বারান্দায় ক্লাস নেওয়ার সময় শিশুরা অমনোযোগী হয়। তারা কথা শুনতে চায় না। তা ছাড়া বর্ষা, রোদ, ঠান্ডা—সব সময়ই বিড়ম্বনায় পড়তে হয়।
আরেক সহকারী শিক্ষক মোতাহার হোসেন বলেন, ‘আমাদের বসার তেমন কক্ষ, চেয়ার নেই, তাতে সমস্যা নেই। কিন্তু ছাত্রছাত্রীদের কক্ষ ও বেঞ্চের অভাবে বারান্দায় ও মেঝেতে ঠাসাঠাসি করে ক্লাস করার কষ্ট সহ্য হয় না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম বলেন, কক্ষ-সংকটের কারণে শিশুদের বারান্দায় ক্লাস করাতে হচ্ছে। প্রয়োজনের তুলনায় অনেক কম বেঞ্চ থাকায় অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে ক্লাস করতে হয়। আগে ৬৫টি বেঞ্চ ছিল, সেগুলোর বেশির ভাগ ভেঙে গেছে। মাত্র ২৪টি বেঞ্চ আছে। প্রতি বেঞ্চে তিনজন করে বসা যায়। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম বলেন, ওই বিদ্যালয়ের কক্ষ-সংকটের বিষয়টি তাঁরা জানেন। এ নিয়ে শিক্ষা কমিটির সভায় বেশ কয়েকবার আলোচনা হয়েছে। স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, উপজেলা পরিষদের তহবিল থেকে ওই বিদ্যালয়ে তিনটি কক্ষ নির্মাণ করে দেওয়া হয়েছে। পরিকল্পনা করে অন্য সমস্যাও সমাধান করা হবে।