শ্রেণিকক্ষ ও শিক্ষক নেই তবুও নতুন পাঁচ বিভাগে শিক্ষার্থী ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিয়োগ ও শ্রেণিকক্ষের ব্যবস্থা না করেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচটি বিভাগে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেওয়া হয়েছে। বিভাগগুলো হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও সমাজবিজ্ঞান। গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পাঁচটি বিভাগ চালু হওয়ার ফলে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণিতে আরও বেশি শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। ১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত টেলিটক মুঠোফোনের (১৬২২২) মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা হবে আগামী ৩ ও ৪ নভেম্বর। নতুন পাঁচটি বিভাগে কতজন শিক্ষার্থী ভর্তি করা হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, নতুন পাঁচটি বিভাগে কতজন শিক্ষার্থী ভর্তি করা হবে সে বিষয়ে ঈদের ছুটির পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শ্রেণিকক্ষ ও ল্যাব সুবিধার তীব্র সংকটের মধ্যে নতুন করে পাঁচটি বিভাগে শিক্ষার্থী ভর্তির ঘোষণায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। একাধিক শিক্ষার্থী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়টিতে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও ল্যাব সুবিধা নেই। এক ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস করার সময় অন্য ব্যাচের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের সামনে, বারান্দায় সারাক্ষণ ঘুর ঘুর করে। ল্যাবের অভাবে ঠিকমতো হাতে-কলমে শিক্ষা পায় না শিক্ষার্থীরা সেখানে নতুন বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তি করা সম্পূর্ণ অযৌক্তিক।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, নতুন শ্রেণিকক্ষ তৈরি করা হচ্ছে। ল্যাব সুবিধাও পর্যায়ক্রমে ব্যবস্থা করা হবে। আর শিক্ষক নিয়োগের প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরুর আগেই এসব চূড়ান্ত হয়ে যাবে।