মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে ছাত্রীসংখ্যা বেড়েছে। নয়টি বিষয়ে চালু হয়েছে স্নাতক সম্মান (অনার্স) কোর্স। কিন্তু কলেজটিতে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এতে দেখা দিয়েছে তীব্র শ্রেণিকক্ষ-সংকট। কলেজে শিক্ষকের ৫৩টি পদের মধ্যে ১৮টি শূন্য। এসব কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে কলেজ প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৭ সালে এটি সরকারীকরণ হয়। এ সময়ের মধ্যে ছাত্রীসংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে কলেজে ছাত্রীসংখ্যা প্রায় পাঁচ হাজার। খোলা হয়েছে নতুন শাখা ও বিষয়। ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ক্রমান্বয়ে নয়টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়েছে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা। কয়েকটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করার বিষয়টিও প্রক্রিয়াধীন। কিন্তু এর সঙ্গে সামঞ্জস্য রেখে কলেজের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। স্নাতক (সম্মান) প্রতিটি বিষয়ের জন্য তিনটি শ্রেণিকক্ষ দরকার। কিন্তু এখন মাত্র একটি করে শ্রেণিকক্ষে চলে পাঠদান। এইচএসসি ও ডিগ্রির ছাত্রীদেরও পালা করে বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠদান করা হচ্ছে। কলেজে দুটি তিনতলা ও একটি দ্বিতল ভবন আছে। পাঁচ হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ আছে মাত্র নয়টি।
এ ছাড়া কলেজটি উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা থেকে শুরু করে স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর, সরকারি বিভিন্ন নিয়োগ, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি, বিএ/বিবিএস প্রকল্পের ক্লাস ও পরীক্ষাও এই কলেজে হয়। এতে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষের অভাবে ছাত্রীদের পাঠদান ব্যাহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান বলেন, ‘আমাদের কলেজটি একটি পরীক্ষাকেন্দ্র। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজসহ অন্যান্য কলেজের বিভিন্ন পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। তখন কলেজে স্থান সংকুলান হয় না। বাধ্য হয়ে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভেন্যু করে পরীক্ষা নিতে হচ্ছে। এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়টি বাধ্যতামূলক হলেও আইসিটির জন্য একটি শ্রেণিকক্ষ পাওয়া যাচ্ছে না। একটি ভবন নির্মাণের জন্য ২০১৪ সালে শিক্ষামন্ত্রী বরাবর আবেদন করা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন সময় একাডেমিক ভবনের জন্য তাগাদা দেওয়া হচ্ছে। পাঠদান কার্যক্রম পরিচালনা করতে একটি পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ অপরিহার্য হয়ে পড়েছে।’
অধ্যক্ষ আরও জানান, কলেজে নয়টি বিষয়ে সম্মান কোর্স চালু হলেও প্রতিটি বিষয়ের জন্য শ্রেণি (প্যাটার্ন) অনুযায়ী শিক্ষকের সাতটি পদ এখনো সৃষ্টি করা হয়নি। ডিগ্রি কলেজের শিক্ষক পদ দিয়েই চলছে সম্মান শ্রেণির ক্লাস। কলেজে শিক্ষকের পদ আছে ৫৩টি। এর মধ্যে ১৮টি পদ শূন্য। ব্যবস্থাপনা বিভাগে কোনো শিক্ষকই নেই। এই পদগুলো পূরণের জন্য কলেজের পক্ষ থেকে ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।