
শিক্ষক ও শ্রেণিকক্ষ-সংকটে চাঁদপুর সরকারি কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে। ক্যাম্পাসে কোনো ক্যানটিন না থাকায় শিক্ষার্থীদের বাইরে গিয়ে নাশতা ও খাবার খেতে সমস্যা হচ্ছে। ক্যাম্পাসে কোনো কমন রুম না থাকায় ছাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এ কলেজে ১৬ হাজার ৬২০ জন শিক্ষার্থী আছেন। এখানে ১৭টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৩টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে।
কলেজ সূত্রে জানা যায়, কলেজে বাংলা বিভাগে দুটি, ইংরেজি বিভাগে একটি, অর্থনীতি বিভাগে দুটি, পদার্থবিদ্যা বিভাগে দুটি, প্রাণিবিদ্যা বিভাগে একটি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুটি, দর্শন বিভাগে তিনটি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দুটি, ব্যবস্থাপনা বিভাগে একটি, উদ্ভিদবিদ্যা বিভাগে একটি ও ভূগোল বিভাগে একটি করে শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
শিক্ষক পরিষদ নেতা আলমগীর হোসেন বাহার বলেন, এসব শূন্যপদে বিভাগীয় অন্য শিক্ষকদের দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষকদের বসার জন্য পর্যাপ্ত জায়গা নেই। এত চাপের মুখে থেকেও অনেক কষ্ট করে হলেও শিক্ষকেরা তাঁদের দায়িত্ব অব্যাহত রেখেছেন।
গত বৃহস্পতিবার সকালে কলেজের হিসাববিজ্ঞান বিভাগে গিয়ে দেখা যায়, একটি কক্ষে প্রায় আড়াই শ শিক্ষার্থী একসঙ্গে ক্লাস করছে। যেখানে বসার ব্যবস্থা রয়েছে মাত্র দেড় শ শিক্ষার্থীর। ক্লাসশিক্ষক সাউন্ড বক্সের সাহায্যে ক্লাস নিচ্ছেন।
হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মহসিন বলেন, কক্ষের আয়তনের তুলনায় শিক্ষার্থী দ্বিগুণ হওয়ায় স্যারের আওয়াজ ক্লাসের শেষ পর্যন্ত পৌঁছায় না। বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন বলেন, বিভাগ ও শিক্ষার্থী অনুপাতে শ্রেণিকক্ষ নেই। এতে পাঠদান করতে সমস্যা হচ্ছে।
একই অবস্থা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগসহ অন্যান্য বিভাগের। সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, একটি বিভাগের ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বেশির ভাগ সময় কলেজের বারান্দায় অথবা কলেজ মাঠে অবস্থান করতে হয়।
গণিত বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান বলেন, কম্পিউটার ল্যাব না থাকায় কলেজের শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া ক্লাসের ফাঁকে বিরতির সময় কলেজে ক্যানটিন না থাকায় কলেজের বাইরে গিয়ে হোটেলে নাশতা করতে হয়। এতে টাকা ও সময় নষ্ট হয়। একই বিভাগের শাহনাজ ও সালমা বলেন, কমন রুম না থাকায় তাঁদের গ্রন্থাগারে গিয়ে অথবা মেয়েদের হোস্টেলে গিয়ে সময় কাটাতে হয়।
কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাহমিদা হামিদ বলেন, মেয়েদের বিশ্রামের জন্য একটি ছোট কক্ষ আছে। সেখানে একটি মাত্র শৌচাগার। অনেক সময় শৌচাগারে যেতে মেয়েদের লাইন ধরতে হয়।
শিক্ষক-সংকট ছাড়াও এই কলেজের শিক্ষক ও কর্মচারীদের জন্য কোনো আবাসনের ব্যবস্থা নেই। ফলে তাঁরা শহরের বিভিন্ন স্থানে ভাড়া বাড়িতে থাকছেন। কলেজ অধ্যক্ষের জন্য একটি ছোট ভবন থাকলেও সেটি প্রায় ২০ বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে।
কলেজের অধ্যক্ষ এ এস এম দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক-সংকট কলেজের সবচেয়ে বড় সমস্যা। শিক্ষার্থী অনুপাতে প্রতিটি বিভাগে ১২ জন করে শিক্ষক প্রয়োজন। কিন্তু সেখানে অর্ধেকের চেয়ে কম শিক্ষক দিয়ে প্রতিটি বিভাগ চালাতে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষক-সংকট দূর করার জন্য ১০৩টি পদে নতুন শিক্ষক চেয়ে ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু নতুন কোনো শিক্ষক দেওয়া হচ্ছে না।
অধ্যক্ষ বলেন, ‘কলেজের নতুন ও পুরোনো চারটি ভবনে ২৫টি শ্রেণিকক্ষ আছে। এতে শিক্ষার্থীরা একসঙ্গে বসে ক্লাস করতে পারছে না। শিক্ষার্থী অনুপাতে এখানে আরও ২৫টি শ্রেণিকক্ষ প্রয়োজন। এ জন্য আমরা আরও একটি ১০ তলা একাডেমিক ভবন নির্মাণ করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। শিক্ষকদের আবাসিক ভবন করার জন্য প্রস্তাব করা হয়েছে।’