শ্রেণিকক্ষ ঘেঁষে দোকানে চলে টেলিভিশন, পাঠদান ব্যাহত
রংপুরের তারাগঞ্জ উপজেলার দোহাজারী ও সুরুঙ্গের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০-২০ গজ দূরেই দোকানে উচ্চ শব্দে টেলিভিশন চলে। এতে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না। অনেক শিক্ষার্থী ক্লাস ফেলে টেলিভিশন দেখে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, শিগগিরই বিদ্যালয়ের আশপাশের চায়ের দোকানে স্কুলের সময় টিভি-ভিসিডি বন্ধ করতে উদ্যোগ নেওয়া হবে।
সম্প্রতি বেলা ১১টার দিকে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উত্তর পাশে বিদ্যালয়ের দুটি ভবন। বিদ্যালয়ের দক্ষিণ পাশে বিড়াবাড়ি বাজার। ওই বাজারে টিনের ছাউনির সারিবদ্ধ শতাধিক দোকান। শ্রেণিকক্ষের পাশেই চা-মিষ্টির দোকানে উচ্চ শব্দে চলছে টেলিভিশন ও ভিসিডি।
মশিয়ার রহমান নামের এক অভিভাবক বলেন, দোকানগুলোতে ক্লাসের সময়ও সিনেমা দেখানো হয়। এতে অল্প বয়সী শিশুরা আকৃষ্ট হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত রায় বলেন, ‘বিদ্যালয়ে ৩৪০ জন শিক্ষার্থী রয়েছে। যেখানে বাজার গড়ে উঠেছে, তা বিদ্যালয়ের জায়গা নয়। আমরা দূর থেকে এসে এখানে চাকরি করি। স্থানীয় ব্যক্তিরা বাজারে দোকান গড়ে তুলেছেন। স্কুল চলার সময় টিভি বন্ধ রাখতে বললে তাঁরা শোনেন না।’
শিক্ষার্থী সাইমন হক বলে, জোরে জোরে গানের শব্দে পড়ায় মন বসে না। স্যারের কথাও শোনা যায় না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানিক মিয়া বলেন, বিষয়টি একাধিকবার ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।
বিড়াবাড়ি বাজারের চায়ের দোকানি অহিদুল হক বলেন, ‘সারা দিন চা তৈরির কাজে ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার ফাঁকে ফাঁকে গান-সিনেমা দেখলে কিছুটা ভালো লাগে। খদ্দেরেরাও বিনোদন পান। তাই দোকানে টেলিভিশন রাখি।’
একই দিন বেলা একটার দিকে সুরুঙ্গের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দোতলা একটি ও আধা পাকা একটি ভবন আছে। খেলার মাঠ নেই। বিদ্যালয়ের ২০ গজ দক্ষিণে সুরুঙ্গের বাজার। বাজারে টিনশেডের ১৭টি দোকান। এগুলোর মধ্যে চা ও মিষ্টির দোকান চারটি। সেগুলোতে টেলিভিশন ও ভিসিডি চলছে। তিনজন শিক্ষার্থী দাঁড়িয়ে চায়ের দোকানে টেলিভিশন দেখছে।
টেলিভিশনের সামনে দাঁড়িয়ে থাকা চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘চায়ের দোকানের টিভিতে ফাইন ছবি হয়েছে। ছবি দেখিছি। ক্লাসের কথা মনে নাই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক বলেন, স্কুলের মোট শিক্ষার্থী ৩৮০ জন। বাজারের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। সহকারী শিক্ষক জুলফিকার হোসেন বলেন, অনেক শিশু স্কুলে এসেই দোকানগুলোতে টিভি দেখতে যায়। স্কুলের সময় টিভি-ভিসিডি বন্ধ রাখতে বললেও চায়ের দোকানগুলোর মালিকেরা শোনেন না।
বাজারের চায়ের দোকানি মনোয়ারা বেগম বলেন, ‘স্কুলের ছোয়ারা দোকানোত টিভি দেখিবার আইলে মুই টিভি দেখিবার দেও না, বাদা করং। কায়ও শোনে, কায়ও শোনে না।’
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।