
খুলনা বটিয়াঘাটার মুহাম্মাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকট। বিদ্যালয়ের অনেক ক্লাস নিতে হচ্ছে খোলা মাঠে। শিক্ষার্থীর তুলনায় আসনসংখ্যাও পর্যাপ্ত নয়। সেই সঙ্গে শৌচাগারের অভাবে ভোগান্তি পোহাচ্ছে সবাই। ২০১৩ সালে বিদ্যালয়টি জেলার সেরা স্কুলের মর্যাদা পেয়েছিল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গল্লামারী-বটিয়াঘাটা সড়ক ধরে একটু সামনে যেতেই বাঁ পাশে বিদ্যালয়টির অবস্থান। ১০ কাঠা জমির ওপর দুটি ভবন। ১৯৯৩ সালে নির্মিত একতলা ভবনটি পরিত্যক্ত হয়েছে তিন বছর আগে। দোতলা নতুন ভবনের চারটি কক্ষে এখন ক্লাস চলে। একটি কক্ষ দপ্তর হিসেবে ব্যবহার করেন শিক্ষকেরা। বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৯৮০ জন। আর শিক্ষকের পদ আছে পাঁচটি। অতিরিক্ত শিক্ষার্থীর কথা বিবেচনা করে ছয়জন শিক্ষককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকের জন্য রয়েছে মাত্র দুটি শৌচাগার।
প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, শ্রেণিকক্ষ-সংকটের কারণে দুই পালায় ক্লাস হয়। প্রথম শ্রেণির ক্লাস হয় বিদ্যালয়ের মাঠে। সেখানেও শিশুদের জায়গা দেওয়া যায় না। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় বারান্দায় মাদুর পেতে শিশু শ্রেণির পাঠদান চলে। অথচ পাঁচ বছর ধরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের পাসের হার শতভাগ বলে জানান তিনি।
গত ২৫ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, মাঠের মধ্যেই পরীক্ষা দিচ্ছে প্রথম শ্রেণির শিক্ষার্থীরা। চার ফুট লম্বা বেঞ্চে গাদাগাদি করে তিনজন বসে আছে। নতুন ভবনের দোতলার দুটি কক্ষে দ্বিতীয় শ্রেণির দুটি শাখার গণিত পরীক্ষা হচ্ছে। একটি কক্ষে ৮৪ জন ছাত্রী গাদাগাদি করে পরীক্ষা দিচ্ছে।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মো. আশিকুজ্জামান জানান, গত বছর পুরাতন ভবনের ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থীর হাত ভেঙেছে। খসে পড়া চুন-সুরকির আস্তরে আহত হয়ে আরেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ছিল।
বটিয়াঘাটা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান এ বিষয়ে জানান, উপজেলা শিক্ষা কমিটি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। জেলার নিয়মিত মাসিক উন্নয়ন সভাতেও ওই বিদ্যালয়ের জন্য নতুন একটি একাডেমিক ভবন নির্মাণের তাগিদ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান জানান, ভবন সম্প্রসারণ হবে। তবে একটু সময় লাগবে।
খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ‘কয়েক দিন আগেই আমি স্কুলটি ঘুরে এসেছি। খুব খারাপ লেগেছে। জেলার মধ্যে এই স্কুলটিতেই সবচেয়ে বেশি শিক্ষার্থী। অথচ সবচেয়ে কম জায়গা, সবচেয়ে কম সুযোগসুবিধা।’