জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে শ্রেণিকক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৪৩তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ। দুপুর ১২টা ২০ মিনিটে ওই ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালে সেখান থেকে ইব্রাহিম নামের এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, ‘আপনারা যা শুনছেন, আমরাও তা শুনছি। এর বেশি কিছু আমি জানি না।’ একই ব্যাচের কয়েকজন শিক্ষার্থী জানালেন, মীর মশাররফ হোসেন হলের ছাত্র ইব্রাহিম। কিন্তু তিনি হলে থাকতেন না। ঢাকার কল্যাণপুর থেকে এসে ক্লাস করতেন।
এ বিষয়ে জানতে শিক্ষক আবু ইউসুফকে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
ইনস্টিটিউটের পরিচালক কে এম আককাছ আলী বলেন, ‘কারা ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে গেছে আমি তাদের দেখিনি। এ বিষয়ে কিছু জানিও না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহাও এ বিষয়ে কিছু জানেন না বলে প্রথম আলোর কাছে দাবি করেন।