শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে চালু হচ্ছে ব্যাংক
‘আমি বিদ্যালয়, তোমরা আমাকে যত্ন করো। কেননা আমি তোমাদের সন্তানদের বড় করে তুলি।’ এই স্লোগানটি লেখা ছিল পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের পাশের দেয়ালে। গত এক সপ্তাহ আগে ওই দেয়ালে রং দিয়ে লেখাটি মুছে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার দেয়ালের ওই স্থানে দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের কালাইয়া বন্দর শাখার নতুন সাইনবোর্ড।
শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টিতে ৭৫০ জন শিক্ষার্থী রয়েছে। ব্যাংকের কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কাছ থেকে দুটি শ্রেণিকক্ষ (ষষ্ঠ ও নবম) ভাড়া নিয়ে নতুন শাখার কার্যক্রম নিয়ে ব্যস্ত ব্যাংক কর্মকর্তারা। আজ বুধবার সকাল নয়টায় ওই শাখার উদ্বোধন করবেন সরকারদলীয় চিফ হুইফ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ। অনুষ্ঠানে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক মো. নুরুল আমিন, উপমহাব্যবস্থাপক (মুখ্য আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী) মাহতাব উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের বাউফল শাখার ব্যবস্থাপক বিশ্বাস মো. রুহুল আমিন বলেন, চিফ হুইপ আ স ম ফিরোজের নির্দেশে শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে ব্যাংকের নতুন শাখা স্থাপন করা হচ্ছে।
এদিকে শ্রেণিকক্ষে ব্যাংকের শাখা চালু করায় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যবসায়ীরাও এ বিষয়ে তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অভিভাবকদের অভিযোগ, একই ক্যাম্পাসে ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার পরিবেশ নষ্ট হবে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যাংকের দূরত্ব বেশি হওয়ায় লেনদেনে সমস্যায় পড়তে হবে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাংক কর্মকর্তা বলেন, ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে যে প্রতিবেদন পাঠানো হয়েছে তাতে চিফ হুইপ বিদ্যালয়ে ব্যাংকের কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন।
প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন বলেন, ‘চিফ হুইপের নির্দেশেই মূলত ভাড়া দেওয়া হয়েছে। এতে পাঠদানে সমস্যা হবে না।’ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোশারেফ হোসেন খানের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। উপমহাব্যবস্থাপক মাহতাব উদ্দিন জানান, আলাদা গেট দিয়ে কার্যক্রম চললে শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়বে না।