শ্রেণিকক্ষ ও শিক্ষক নিয়োগ না করেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি শিক্ষাবর্ষে (২০১৬-১৭) সমুদ্রবিজ্ঞান বিভাগে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে সমুদ্রবিজ্ঞান বিভাগের কথা উল্লেখ ছিল না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পাওয়ার পর এ বিভাগে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ‘বি’ গ্রুপের শিক্ষার্থীরা এই বিভাগে পড়ার সুযোগ পাবেন। বিভাগের আসনসংখ্যা ৩০টি। এ ছাড়া কোটায় তিনজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
সূত্র জানায়, সমুদ্রবিজ্ঞান বিভাগের জন্য দুজন সহকারী অধ্যাপক/প্রভাষক ও একজন অধ্যাপক/সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য গত বৃহস্পতিবার দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। পাঠদান শুরুর আগেই শিক্ষক নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।
এদিকে নতুন বিভাগ খোলাকে ইতিবাচক দৃষ্টিতে দেখলেও সমুদ্রবিজ্ঞান বিভাগে তড়িঘড়ি ছাত্রছাত্রী ভর্তি এবং শিক্ষক নিয়োগের উদ্যোগকে যৌক্তিক মনে করছেন না বিশ্ববিদ্যালয়ের একাধিক জ্যেষ্ঠ শিক্ষক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষকেরা প্রথম আলোকে বলেন, তড়িঘড়ি যেকোনো কাজই সন্দেহের জন্ম দিতে পারে। তা ছাড়া এমনিতে বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের প্রয়োজনীয় শ্রেণিকক্ষ নেই, নেই গবেষণাগার।
মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, শ্রেণিকক্ষের সংকটের কারণে তাঁদের ক্লাস করতে হিমশিম খেতে হয়। নিজস্ব গবেষণাগার না থাকায় অনেক ক্ষেত্রে হাতে-কলমে শেখারও সুযোগ হয় না। এসব সমস্যার সমাধান না করে নতুন বিভাগে শিক্ষার্থী ভর্তি কোনোভাবেই যৌক্তিক নয়।
রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘বি’ গ্রুপের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বাড়তি সুযোগ হিসেবে নতুন এ বিভাগে ভর্তির সুযোগ পাবেন। তিনি বলেন, শিগগিরই শ্রেণিকক্ষ ও গবেষণাগারের ব্যবস্থা হয়ে যাবে।