উচ্চমাধ্যমিকে শ্রেণিকক্ষ সংকটের কারণে গতকাল শনিবার থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে দুই পালা চালু হয়েছে। সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্লাস বরাদ্দ রাখা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে।
আগের তুলনায় শিক্ষার্থী উপস্থিতি বেড়ে যাওয়ায় কলেজ কর্তৃপক্ষ সাধারণ সভা করে এই সিদ্ধান্ত নেয়। কলেজের ১১৯ বছরের ইতিহাসে এবারই প্রথম ওই প্রথা চালু হয়। এতে পড়াশোনার মান ও এইচএসসি পরীক্ষার ফল ভালো হবে বলে শিক্ষকেরা মনে করছেন।
কলেজের অন্তত তিনজন শিক্ষক জানান, ১৮৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠা হয়। কলেজটির শিক্ষা কার্যক্রম দুটি এলাকা থেকে পরিচালিত হয়। নগরের কান্দিরপাড় রানীরদীঘির পশ্চিম পারে উচ্চমাধ্যমিক শাখা এবং কুমিল্লার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ডিগ্রি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির ক্লাস চলে। উচ্চমাধ্যমিকে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে শিক্ষার্থী আছে ২ হাজার ৪০০ জন। তাদের ক্লাস নেওয়ার জন্য কমপক্ষে ২৫টি শ্রেণিকক্ষ দরকার। কিন্তু শ্রেণিকক্ষ আছে ১৭টি। তার ওপর রয়েছে আসবাবের সংকট। বছরের পর বছর উচ্চমাধ্যমিকে বেশির ভাগ শিক্ষার্থী ক্লাস না করেই পরীক্ষায় অংশ নিত। তিন বছর ধরে কলেজ কর্তৃপক্ষ শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নেয়। এরই পরিপ্রেক্ষিতে উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমাগতভাবে বেড়েই চলছে। উদ্ভূত পরিস্থিতিতে ১৫ জুলাই কলেজ শিক্ষক পরিষদের এক সাধারণ সভা হয়। সভায় কলেজে দুই পালা চালু করার সিদ্ধান্ত হয়।
সরেজমিনে কলেজে কথা হয় একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহানা আক্তার ও দেলোয়ার হোসেনের সঙ্গে। তারা বলে, ‘কলেজ কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগ আমাদের কাজে লাগছে। এখন থেকে নিয়মিত ক্লাস হবে। এটা ভালো উদ্যোগ।’
কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ঐতিহ্য উচ্চমাধ্যমিক শাখা। এখান থেকে এইচএসসি পাস করে শিক্ষার্থীরা নামকরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হয়। কিন্তু শ্রেণিকক্ষে উপস্থিত থাকে কমসংখ্যক শিক্ষার্থী। শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে। এ ছাড়া পড়াশোনা ভালো করার জন্য নানা মহলের চাপও রয়েছে। এ কারণেই দুই পালা চালু করা হয়েছে। আগামী দিনে এর সুফল পাওয়া যাবে।