শ্রেণিকক্ষ, সেমিনার গ্রন্থাগার ও ল্যাবরেটরিসহ অন্যান্য সংকট নিরসনে বঙ্গবন্ধু হল-সংলগ্ন নবনির্মিত ভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ স্থানান্তরের দাবিতে মৌন মিছিল ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। পরে দুপুর ১২টার দিকে পুরোনো কলাভবন-সংলগ্ন পরিবেশবিজ্ঞান বিভাগের সামনে থেকে মৌন মিছিল শুরু করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরিবেশবিজ্ঞান বিভাগ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন। এ সময় বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক এ এন এম ফখরুদ্দিন, এ এইচ এম সা’দৎ, মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, এ কে এম রাশেদুল আলম ও মোহাম্মদ এমাদুল হুদা।