শ্রেণিকক্ষে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নুসরাত জাহান মীম নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। আজ শনিবার উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নুসরাত উপজেলার লতিফপুর ইউনিয়নের ভরপাড়া গ্রামের লোমান শিকদারের মেয়ে। পেশায় তিনি ঠিকাদার। দুই ভাইবোনের মধ্যে নুসরাত বড়।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ শনিবারের বার্ষিক পরীক্ষা (ইংরেজি) স্থগিত ঘোষণা করে। আগামীকাল রোববার বিদ্যালয়ে দোয়ার আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, আজ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চলছিল। শ্রেণিকক্ষে হঠাৎ নুসরাত অসুস্থ হয়ে পড়ে। সহপাঠী ও শিক্ষকেরা নুসরাতকে দ্রুত কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠীসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। শিক্ষার্থীদের কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে। তাদের মধ্যে কলি আক্তার নামের এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক শিরিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের গণিত ক্লাস শেষে বাংলা ক্লাস নেওয়ার জন্য তিনি চক-ডাস্টার নিয়ে শ্রেণিকক্ষে ঢুকছিলেন। সে সময় তিনি দেখতে পান অসুস্থ নুসরাতকে সহপাঠীরা শ্রেণিকক্ষ থেকে বের করে নিয়ে আসছে। নুসরাতের মুখ থেকে লালা বের হচ্ছিল। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।
প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, নুসরাত দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে আক্রান্ত। প্রায় চার বছর আগে তার শরীরে অস্ত্রোপচার হয়েছিল। তিনি আরও বলেন, নুসরাতের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোক বিরাজ করছে। এক দিনের শোক ঘোষণা করে বিদ্যালয়ে আজ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।