চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্রেিণকক্ষে ঢুকে তিন দফায় দুই শিক্ষার্থীকে মারধর করেছেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত এক সাংবাদিকের মুঠোফোনও ছিনিয়ে নিয়ে যান ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা।
গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের কর্মী রাশেদ হোছাইনের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী লাঠিসোঁটা নিয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০৩ নম্বর কক্ষে প্রবেশ করেন। পরে তাঁরা ওই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রফিক হায়দারকে এলোপাতাড়ি মারধর করেন। বন্ধুকে বাঁচাতে একই বর্ষের মনিরুল ইসলাম এগিয়ে এলে তাঁকেও মারধর করেন তাঁরা। এ সময় ক্লাস না থাকায় শ্রেিণকক্ষে কোনো শিক্ষক ছিলেন না। পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাত থেকে বাঁচতে মারধরের শিকার দুই শিক্ষার্থী বিভাগের সভাপতির কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও তাঁদের মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।
এ ঘটনার আধা ঘণ্টা পর হামলাকারীরা ফোন করে শ্রেিণকক্ষ থেকে মনিরুলকে বের হতে বললে তিনি বের হন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে ক্লাসে আসেন বিভাগের শিক্ষক রাজীব নন্দী। পরে মনিরুল ইসলামকে টয়লেটে ঢুকিয়ে পুনরায় মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। মনিরুলের হাতে থাকা তাঁর বন্ধু দৈনিক ইনকিলাব-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাকিরুল হকের মুঠোফোনটিও নিয়ে যান তাঁরা।
শাকিরুল হক বলেন, ‘বিভাগে দুই দফা ঘটনা ঘটার পরও শিক্ষকদের কথা শুনে আমরা শ্রেিণকক্ষে শান্তভাবে বসেছিলাম। পরে মনিরুলকে ফোন করে শ্রেিণকক্ষ থেকে বের করে পুনরায় মারধর করে ছাত্রলীগের কর্মীরা। এ সময় তার হাতে থাকা আমার মুঠোফোনটিও ছিনিয়ে নিয়ে যায় তারা। তবে এক ঘণ্টা পরে প্রক্টর স্যারের উপস্থিতিতে তারা মুঠোফোনটি ফেরত দেয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কর্মী রাশেদ হোছাইন প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি আমাদের জুনিয়র এক কর্মীকে শিবিরের কর্মীরা হুমকি-ধমকি দেয়। সে ব্যাপারে ওই ক্লাসে উপস্থিত শিবিরের কর্মীদের কাছে ঘটনার কারণ জানতে গিয়েছিলাম। এ সময় তারা আমাদের ওপর চওড়া হলে আমরা প্রতিহত করি। আমরা শ্রেিণকক্ষে হামলা করতে যাইনি।’
এদিকে শ্রেিণকক্ষে ঢুকে শিক্ষার্থীদের ওপর মারধরের ঘটনায় বিভাগের ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টরের সঙ্গে দেখা করে দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করার দাবি জানান। পরে প্রক্টর বিচারের আশ্বাস দিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হন। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকেরা ছাত্রলীগের কর্মীদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ঘটনাটি অবহিত করেন এবং এর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’