নিয়মিত পাঠদান ও বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার বগুড়ার ধুনট উপজেলায় নাটাবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় তারা বিদ্যালয়ের কার্যালয় ও শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেয়।
বেশ কয়েকজন শিক্ষার্থী বলে, শিক্ষকেরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে আসেন না। এ জন্য পাঠদানে সমস্যা হয়। এ ছাড়া বহিরাগত ব্যক্তিরা বিদ্যালয়ে ঢুকে মেয়েদের উত্ত্যক্ত করে। শিক্ষকদের কাছে বিষয়টি জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায় না। ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত শনিবার বখাটেরা রাস্তায় কয়েকজন ছাত্রকে মারধর করেছে। এসব কারণে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছে।
গতকাল সকাল নয়টার দিকে বিদ্যালয়ের কার্যালয়কক্ষ ও শ্রেণিকক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। তারা বেলা দুইটা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, দুপুরের পর অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে থাকে না। এ জন্য মাঝেমধ্যে ক্লাস হয় না। শিক্ষার্থীদের অন্য অভিযোগ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে জানানো হয়েছে।