
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি উচ্চবিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। এতে এসব শ্রেণিকক্ষে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। গত রোববারও পাঠদান চলাকালে পলেস্তারা খসে পড়ে। এ সময় অল্পের জন্য রক্ষা পায় শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উচ্চবিদ্যালয়টি ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে এটি জাতীয়করণ হয়। বিদ্যালয়ে তিনটি ভবন রয়েছে। এর মধ্যে দ্বিতল একটি ভবনের ছয়টি শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। কয়েক মাস ধরে চলছে এ অবস্থা। গত রোববার সকালে ক্লাস শুরুর মাত্র ১০ মিনিট আগে দশম শ্রেণির শ্রেণিকক্ষের ছাদের একটি বড় অংশ থেকে পলেস্তারা খসে পড়ে। কক্ষটিতে বালু, সিমেন্ট ও ইটের খোয়া ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই শ্রেণির শিক্ষার্থীদের অন্য একটি কক্ষে নিয়ে পাঠদান করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুরুন্নাহার বেগম বলেন, আর ১০ মিনিট পড়ে ঢুকলে শিক্ষার্থীরা আহত হতে পারত। প্রতিটি শ্রেণিকক্ষে এভাবে পলেস্তারা খসে পড়ছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, প্রতিটি কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
দশম শ্রেণির শিক্ষার্থী তুহিন ভূইয়া, সুদীপ্ত ঘোষ, তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বলে, ‘প্রতিদিনই বিদ্যালয়ের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। প্রতিটি কক্ষের অবস্থা একই রকম। আমাদের ঝুঁকি নিয়ে পড়াশোনা করতে হচ্ছে।’
খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত রোববার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টিতে নতুন একটি ভবন নির্মাণ করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীকে বলা হয়েছে। তা ছাড়া ভবনটি সংস্কার করতে স্থানীয়ভাবে প্রকল্প গ্রহণ করা হবে।