শ্রেণিকক্ষে পলেস্তারা খসে পড়ার পর হুড়োহুড়িতে আট শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পলেস্তারা খসে পড়ার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে আট শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও শিক্ষককেরা জানান, বিদ্যালয়টির তিনতলায় ৩০১ নম্বর কক্ষে সপ্তম শ্রেণির ছাত্রীদের ক্লাস হচ্ছিল। বেলা সোয়া একটার দিকে কক্ষের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে। এতে আতঙ্কে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়। এই পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে না নিয়ে ছুটি ঘোষণা করে।

গতকাল বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মূল ভবনের পাশে একটি তিনতলা ভবন করা হয়েছে। গত বছরের ৩০ এপ্রিল স্থানীয় সাংসদ নাজমুল হাসান ভবনটি উদ্বোধন করেন। নিচতলা থেকে তিনতলা পর্যন্ত ১৫টি শ্রেণিকক্ষ রয়েছে। দুটি ছাড়া সব কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষে ফাটল থাকলেও প্রকৌশলীরা জানিয়েছেন ক্লাস নিতে কোনো সমস্যা হবে না। সেই কারণে ওই ভবনে পাঠদান অব্যাহত থাকবে।