শ্রেণিকক্ষে বন্যার পানি

সিরাজগঞ্জের সাতটি উপজেলার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এর মধ্যে ৫৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানসহ সব কার্যক্রম ১০ দিন ধরে বন্ধ আছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় দুই লাখ শিক্ষার্থী।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, নয়টি উপজেলায় ১ হাজার ৬৫৬টি প্রাথমিক এবং ৭২০টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শ্রেণিকক্ষে বন্যার পানি ওঠায় প্রাথমিক পর্যায়ের ৪১৯টি এবং মাধ্যমিক পর্যায়ের ১৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান সম্পূর্ণভাবে বন্ধ আছে। ২২ জুলাই থেকে বন্যার পানি প্রবেশ করায় কোনো বিদ্যালয়ে হাঁটুপানি, কোথাও চালসমান পানি হয়েছে। শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে আসা দূরের কথা, বাড়িতে থাকাটাই কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রেণিকক্ষ থেকে পানি না নামা পর্যন্ত ক্লাস শুরু সম্ভব হবে নয়।
সরেজমিনে শাহজাদপুর, কাজীপুর ও চৌহালী উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের মধ্যে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বন্যার পানি উঠেছে। চেয়ার, টেবিল, বেঞ্চ ও অনেক কাগজপত্রও পানিতে ভিজে নষ্ট হচ্ছে। এর মধ্যে শাহজাদপুর উপজেলার শ্যামবাড়িয়া, শিবরামপুর, হামলা কোলা, দামুয়াপাড়া, সাহেবপাড়া, কচুয়া, লোচনা পাড়া ও বানতিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, করসালিকা দাখিল মাদ্রাসা, কৈজুরী আলিম মাদ্রাসা, চিনাধুকুরিয়া উচ্চবিদ্যালয়, কাজীপুর উপজেলার খাসরাজবাড়ি, খিরাইকান্দি ও যুক্তিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরের গোতিয়া সমশের আলী উচ্চবিদ্যালয়, হাটবয়রা উচ্চবিদ্যালয়, চৌহালী উপজেলার আদর্শ, খাষকাউলিয়া ও জনতা উচ্চবিদ্যালয় পানিতে তলিয়ে রয়েছে। সব আসবাব পানির মধ্যে।
শাহজাদপুরের দামুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছালমা খাতুন বলে, স্কুলে ও বাড়িতে দুই জায়গাতেই পানি উঠেছে। রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে। নৌকা ছাড়া বের হওয়া যাচ্ছে না। সামনে সমাপনী পরীক্ষা। প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে।
শ্যামবাড়িয়া গ্রামে নাজিম উদ্দীন ও মজিবর রহমান নামের দুই অভিভাবক বলেন, বিদ্যালয়ে জানালার ওপর পর্যন্ত পানি। বাড়ির চারপাশে পানি। চলাফেরাই কঠিন হয়ে পড়েছে। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে।
হামলা কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন ও শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম জানান, ১০ দিন ধরে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এখন ৪ ফুটের মতো পানি আছে। আসবাবে পচন ধরেছে। ছাত্রছাত্রীরা কেউ বিদ্যালয়ে আসে না। শুধু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাশের একটি উঁচু বাড়ির উঠানে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
চৌহালী উপজেলা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল সরকার বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় সব জায়গা প্লাবিত হচ্ছে। গত বছর যমুনা নদীর ভাঙনে পর বিদ্যালয়টি স্থানান্তর করা হলেও সেটি নিচু জায়গা। যে কারণে বন্যার পানি হয়েছে চালসমান। চেয়ার-বেঞ্চসহ আসবাব নষ্ট হয়ে গেছে। পানি কমে গেলেও ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়বে। এ কারণে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা বিঘ্নিত হচ্ছে।
শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকী জানান, শাহজাদপুরের ২২২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩০টি বন্যাকবলিত হওয়ায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে কৈজুরী ইউনিয়নের সব কটি বিদ্যালয়ই প্লাবিত হওয়ায় বন্ধ রয়েছে। যে কারণে ক্লাস করা সম্ভব হচ্ছে না। শিক্ষকদের একটি কক্ষ খুলে রাখার জন্য এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রেখে অন্য কোথাও ক্লাস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পানি না কমলে ক্লাস শুরু করা যাবে না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বন্যার পানিতে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোসহ আসবাবের চরম ক্ষতি হয়েছে। যে কারণে পাঠদান বন্ধ রাখা হয়েছে। প্রায় সোয়া লাখ শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারপরে ক্লাস শুরু করা হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. এলিজা সুলতানা বলেন, প্লাবিত হওয়ার কারণে মাধ্যমিকের প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীর ক্লাস আপাতত বন্ধ রয়েছে। বন্যার পানি কমে যাওয়ার পর ক্লাস নেওয়া শুরু হবে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, বিদ্যালয়ে পানি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা আর কলাগাছের ভেলাই হচ্ছে এ এলাকার একমাত্র চলাচলের বাহন। পানিতে ডুবে প্রাণহানি যেন না ঘটে, সেটি বিবেচনা করে শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে পাঠদান বন্ধ রাখার জন্য। বন্যার পানি বের হলেই ক্লাস শুরু করার ব্যবস্থা নেওয়া হবে।