শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদানের দাবিতে মানববন্ধন

শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান ও শিক্ষাবাণিজ্য বন্ধের দাবিতে গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবকদের একটি সংগঠন। মানববন্ধন থেকে অভিভাবক নেতারা আগামী এক মাসের মধ্যে দাবি পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানায়।
অভিভাবক ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, অভিযোগ উঠেছে কোথাও শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান হয় না। শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে। কোচিং-বাণিজ্য বন্ধ করে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে হবে। সৃজনশীল বিষয়ে পাঠদানের জন্য শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষক নিয়োগে বাণিজ্য বন্ধ করতে হবে। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন নির্ধারণ ও বৃদ্ধির বিষয়ে একটি নীতিমালা করতে হবে।
সংগঠনের সভাপতি জিয়াউল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক আমলা সিরাজউদ্দিন আহমেদ, আইনজীবী ইউনুস আলী আকন্দ প্রমুখ।