শ্রেণিকক্ষের অভাবে গাছতলাতে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণিকক্ষের অভাবে রাজশাহীর গোদাগাড়ীর দিগরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছতলায় চলছে পাঠদান। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো
শ্রেণিকক্ষের অভাবে রাজশাহীর গোদাগাড়ীর দিগরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছতলায় চলছে পাঠদান। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত মূল ভবন প্রায় দুই বছর আগে নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। কিন্তু সেখানে নতুন ভবন নির্মাণ করা হয়নি। ফলে অস্থায়ী টিনের ঘরে গাদাগাদি করে বসে ও কখনো বাইরে গাছতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে উপজেলা শিক্ষা কমিটি ২০১৪ সালের ১২ অক্টোবর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। ২০১৫ সালের ১ অক্টোবর ভবনটি ভেঙে ফেলা হয়। শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সহায়তায় পাশেই নির্মাণ করা হয় ইটের পাঁচ ইঞ্চি দেয়ালের ওপর পুরোনো টিনের ছাউনির দুটি ছোট কক্ষ। অন্যদিকে ২০০৬ সালে নির্মিত দুটি কক্ষকে চারটি কক্ষে ভাগ করে একটিতে অফিস ও তিনটি ছোট ছোট কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসিয়ে চলে পাঠদান।

গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করছে বাইরে গাছতলায়। কথা হয় সহকারী শিক্ষক রাসেল হোসেন, শিক্ষার্থী আজিম আলীসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে। তাঁরা বলেন, টিনের নিচু ছাউনির কক্ষে ভ্যাপসা গরমে ক্লাস করতে কষ্ট হওয়ায় বাইরে গাছতলায় ক্লাস নেওয়া হচ্ছে। সম্প্রতি গরমের মধ্যে ক্লাস করতে গিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শাহজাদী, লতিফা খাতুন ও সাকিলা খাতুন অচেতন হয়ে পড়ে। এরপর থেকেই গরম পড়লে গাছতলায় ক্লাস করা হয়। দুজনের বসার উপযোগী বেঞ্চে বসতে হয় তিনজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন বলেন, ‘বিদ্যালয়টি উপজেলার মধ্যে প্রথম শ্রেণির (গ্রেড-এ)। প্রায় প্রতিবছরই এ বিদ্যালয় থেকে একাধিক শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পায়। বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়। এরপরও বিদ্যালয়টি কর্তৃপক্ষের অবহেলার শিকার হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৩০১ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ২০১১ সাল থেকেই কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করে আসছি।’

উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমাদ বলেন, সম্প্রতি দিগরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ এ প্রস্তাব অনুমোদন হবে, এটা বলা মুশকিল।