শ্রেণিকক্ষের জীর্ণ চালা, বৃষ্টিতে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার মুচিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা শ্রেণি ও অফিস কক্ষের পুরোনো টিনের চালা জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলেই সে চালা দিয়ে ভেতরে পানি পড়ে। এতে বইখাতা, কাগজপত্র ভিজে বিদ্যালয়ের কার্যক্রম চালানোই কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া সামান্য বৃষ্টিতে ওই বিদ্যালয়ের মাঠে পানি জমে। তখন শিক্ষার্থীরা আর মাঠে খেলতে পারে না। উপজেলা শিক্ষা কার্যালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির এ দৈন্যের কথা জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ রয়েছে।
সহকারী শিক্ষিকা জোসনা জাহান বলেন, সামান্য বৃষ্টি হলেই জরাজীর্ণ টিন চুইয়ে পানি পড়ে। এতে শিশু, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্লাস নেওয়া দুষ্কর হয়ে পড়ে। ভিজে যায় শিক্ষার্থীদের বইখাতা ও অফিশিয়াল কাগজপত্র। এ কারণে আকাশে বেশি মেঘ করলেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।
তৃতীয় শ্রেণির মুসফিকা নাজনিন বলে, ‘ঝড়ি (বৃষ্টি) আইলে ক্লাসোত থাকা যায় না। বইখাতা ভিজি যায়।’
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানটির চারটি আধা পাকা কক্ষ রয়েছে। এর মধ্যে একটি দাপ্তরিক, দুটি শ্রেণি ও একটি কমন রুম হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া ২০০৫-০৬ অর্থবছরে এলজিইডির অর্থায়নে দুই কক্ষের আরেকটি ভবন করা হয়। সেখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান চলে। বিদ্যালয়টিতে শিক্ষার্থী ৩০৫ ও শিক্ষক সাতজন। নানা সমস্যা সত্ত্বেও আট বছর ধরে এখানে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ।
প্রধান শিক্ষক মরিয়ম বেগম বলেন, ‘বিদ্যালয়টির সমস্যা এর আগে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। কাজ হয়নি। শ্রেণিকক্ষের সমস্যা দূর হলে বিদ্যালয়টি থেকে পরীক্ষায় আরও ভালো ফল দিতে পারব।’
তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘ওই বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে আমাকে কেউ জানায়নি। তবু খোঁজ নিয়ে দেখা হবে।’